ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

বহিঃশক্তির চাপ বা হুমকির মুখে ইরান কখনোই মাথা নত করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরান কোনো যুদ্ধের সূচনা করেনি, তবে আত্মরক্ষার অধিকার প্রয়োগে দেশটি সক্ষম ও প্রস্তুত।
বিজ্ঞাপন
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপের প্রসঙ্গ টেনে পেজেশকিয়ান বর্তমান পরিস্থিতিকে ‘বর্বর আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত আগ্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাতে হবে এবং সংশ্লিষ্টদের আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করতে হবে।
মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, এসব কার্যক্রম অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। তার মতে, এই পরিস্থিতি উপেক্ষা করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মিথ্যা তথ্যের ভিত্তিতে এবং সম্প্রসারণবাদী মনোভাব নিয়ে যুদ্ধ শুরু করা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মধ্যযুগীয় আচরণের শামিল।
এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানের ওপর অতর্কিত হামলা চালায় বলে দাবি করা হয়, যেখানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। এরপর থেকে ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল অধিকৃত অঞ্চল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
পেজেশকিয়ান পুনর্ব্যক্ত করেন, ইরানের ভূখণ্ডে আর কোনো হামলা হবে না—এমন নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অর্থহীন। সার্বভৌমত্ব রক্ষায় ইরান তার অবস্থানে অটল থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সূত্র: প্রেস টিভি








