Logo

তুরস্ক দিয়ে সীমিত পরিসরে আবারও তেল রপ্তানি শুরু করেছে ইরাক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ, ২০২৬, ১৪:০৮
তুরস্ক দিয়ে সীমিত পরিসরে আবারও তেল রপ্তানি শুরু করেছে ইরাক
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে চলমান সংকটের কারণে তেল রপ্তানি ব্যাহত হওয়ায় বিকল্প পথ হিসেবে তুরস্কের মাধ্যমে সীমিত পরিসরে তেল রপ্তানি পুনরায় শুরু করেছে ইরাক। বুধবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল তেল তুরস্কের জেইহান বন্দরের মাধ্যমে রপ্তানি করা হচ্ছে।

বিজ্ঞাপন

হরমুজ প্রণালিতে অচলাবস্থার আগে ইরাক দৈনিক প্রায় ৩.৫ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করত। এর বড় অংশ দক্ষিণাঞ্চলীয় বসরা থেকে হরমুজ প্রণালি হয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছাত। বর্তমান পরিস্থিতিতে সেই রুটে পরিবহন কার্যত বন্ধ হয়ে গেছে।

রাষ্ট্রায়ত্ত নর্থ অয়েল কোম্পানি জানিয়েছে, কিরকুক অঞ্চলের তেল রপ্তানির জন্য সারলো পাম্পিং স্টেশন চালু করা হয়েছে। এর মাধ্যমে পাইপলাইনে তেল পাঠিয়ে তুরস্কের জেইহান বন্দরে সরবরাহ করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ প্রক্রিয়া বাস্তবায়নের জন্য স্বায়ত্তশাসিত কুর্দিস্তান আঞ্চলিক সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয়েছে, কারণ সংশ্লিষ্ট পাইপলাইন ওই অঞ্চল দিয়ে গেছে।

হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে ইরাক ইরানের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে, যাতে কিছু তেলবাহী জাহাজকে প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া যায়।

বিশ্লেষকদের মতে, এই সীমিত রপ্তানি বৈশ্বিক জ্বালানি সংকট পুরোপুরি সমাধান না করলেও সরবরাহ চাপে কিছুটা স্বস্তি আনতে পারে।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD