Logo

হরমুজ প্রণালিকে ‘মুক্ত’ করতে বেশি সময় লাগবে না: ডোনাল্ড ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ, ২০২৬, ১৩:৪২
হরমুজ প্রণালিকে ‘মুক্ত’ করতে বেশি সময় লাগবে না: ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের অবরোধ থেকে হরমুজ প্রণালিকে ‘মুক্ত’ করতে খুব বেশি সময় লাগবে না। এমনকি ন্যাটোর সদস্যদেশগুলো এগিয়ে না এলেও স্বল্প সময়ের মধ্যে প্রণালিটি ইরানের নিয়ন্ত্রণ থেকে ‘উদ্ধার’ করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খুব বেশি সময় লাগবে না। উপকূল ও সমুদ্রপথ লক্ষ্য করে তীব্র অভিযান চালানো হচ্ছে এবং এতে অল্প সময়েই অগ্রগতি সম্ভব হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর ইরান বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ প্রণালি দিয়ে চলাচল করলে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে। বিভিন্ন নিরাপত্তা সংস্থার তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হরমুজ এলাকায় একাধিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

এর ফলে প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যা বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দামে প্রভাব ফেলছে।

হরমুজে ইরানি অবরোধ মোকাবিলায় সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প। কয়েক দিন আগে তিনি মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ ও সেনা মোতায়েনের আহ্বান জানান। তবে ইউরোপ ও এশিয়ার কয়েকটি মিত্র সে আহ্বানে সাড়া দেয়নি।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইউরোপীয় ও এশীয় মিত্ররা এগিয়ে না এলেও মধ্যপ্রাচ্যের কিছু দেশ এবং ইসরায়েল সহযোগিতা করছে। এ জন্য তিনি তাদের প্রশংসা করেন।

বিজ্ঞাপন

এদিকে হরমুজ সংক্রান্ত যেকোনো সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা রাখার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

এর আগে মঙ্গলবার হরমুজ প্রণালির তীরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ব্যাপক বিমান হামলা চালায় বলে জানা যায়। ওই অভিযানে ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র : সিএনএন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD