Logo

হরমুজ প্রণালিতে অভিযানে যুক্ত হচ্ছে আমিরাত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ, ২০২৬, ১৪:৫২
হরমুজ প্রণালিতে অভিযানে যুক্ত হচ্ছে আমিরাত
ছবি: সংগৃহীত

তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে নৌ-অভিযান জোরদারের ওয়াশিংটনের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাত অংশ নিতে পারে বলে জানিয়েছে দেশটি। বিষয়টি নিশ্চিত করেছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ।

বিজ্ঞাপন

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ‘কাউন্সিল অন ফরেন রিলেশনস’-এর আয়োজিত এক অনলাইন আলোচনায় গারগাশ বলেন, বাণিজ্য ও জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা সবার দায়িত্ব। তিনি জানান, এখনো কোনো আনুষ্ঠানিক পরিকল্পনায় চূড়ান্ত সম্মতি হয়নি, তবে এ বিষয়ে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শেষ হলে এমন একটি কাঠামো প্রয়োজন হবে, যাতে তেহরান তার পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা ড্রোন কর্মসূচির মাধ্যমে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে।

বিজ্ঞাপন

এর আগে সোমবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে হরমুজ প্রণালি সচল রাখার বিষয়ে কথা বলেছেন। এ বিষয়ে ফরাসি প্রেসিডেন্টের অবস্থানকে তিনি ‘১০-এর মধ্যে ৮’ হিসেবে মূল্যায়ন করেন।

ট্রাম্প একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজের চলাচল নিশ্চিত করতে বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ মোতায়েনের মাধ্যমে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD