চাঁদ দেখা যাওয়ায় আজ ঈদ উদযাপন করছে আফগানিস্তান

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তানে বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। দেশটির তালেবান প্রশাসন বুধবার শেষ রাতে এ ঘোষণা দেয়। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিষয়টি নিশ্চিত করেছে আফগান বার্তা সংস্থা খামা প্রেস এজেন্সি।
বিজ্ঞাপন
দেশটির সর্বোচ্চ আদালত জানিয়েছে, দক্ষিণাঞ্চলের হেলমান্দ এবং পশ্চিমাঞ্চলের ফারাহ ও গোর প্রদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। স্থানীয়দের দেওয়া সাক্ষ্য যাচাই শেষে সরকারি চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত অনুমোদন করে।
এদিকে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বৃহস্পতিবারকে ঈদের প্রথম দিন ঘোষণা করে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
বিজ্ঞাপন
আফগানিস্তানের এ সিদ্ধান্তের ফলে অন্যান্য মুসলিম দেশের সঙ্গে ঈদের তারিখে ভিন্নতা দেখা দিয়েছে।
সৌদি আরব জানিয়েছে, বুধবার দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সেখানে আগামী শুক্রবার ঈদ উদযাপিত হবে। একই সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও কুয়েত।
এছাড়া তুরস্ক ও অস্ট্রেলিয়া জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী শুক্রবার ঈদের তারিখ নির্ধারণ করেছে। ইয়েমেন, লেবানন, ফিলিস্তিন ও ইরাকেও শুক্রবার ঈদ পালিত হবে।
বিজ্ঞাপন
ঈদের তারিখ দেশভেদে ভিন্ন হওয়ার মূল কারণ হলো চাঁদ দেখার পদ্ধতির পার্থক্য। কিছু দেশ খালি চোখে চাঁদ দেখা নিশ্চিত হওয়ার পর ঈদের ঘোষণা দেয়, আবার কিছু দেশ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর নির্ভর করে।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার আগে আফগানিস্তান সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের তারিখ নির্ধারণ করত। তবে সাম্প্রতিক সময়ে দেশটি নিজস্ব চাঁদ দেখা ও ধর্মীয় সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দিচ্ছে।








