ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ক্রমাগত বাড়ছে। এ পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে ইরানের কিছু তেলের ওপর আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
বিজ্ঞাপন
স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন জ্বালানিমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ইরানের নির্দিষ্ট কিছু তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়বে এবং ক্রেতারা আরও বেশি তেল পাবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির সম্পূর্ণ বিপরীত অবস্থান হবে।
বিশেষজ্ঞদের মতে, এমন পদক্ষেপ তেলের দামের ওপর সীমিত প্রভাব ফেলতে পারে। তবে এর মাধ্যমে ইরান তেল বিক্রি করে বড় অঙ্কের অর্থ আয় করতে পারে, যা তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে ব্যবহার করতে পারে।
বিজ্ঞাপন
বর্তমানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরান থেকে তেল আমদানি সীমিত রয়েছে। মার্কিন জ্বালানিমন্ত্রী আরও জানান, নিষেধাজ্ঞা শিথিল করা হলে চীন যেন বাজারদরে তেল কেনে তা নিশ্চিত করার বিষয়েও নজর রাখা হবে।
তিনি বলেন, সাগরে ভাসমান অবস্থায় থাকা ইরানি তেলের ওপরও নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে, যাতে ভারত, জাপান ও মালয়েশিয়ার মতো দেশগুলো চলমান সংকটে সরবরাহ পায়। ধারণা করা হচ্ছে, বর্তমানে সাগরে ইরানের প্রায় ১৪২ মিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: বিবিসি








