আল-আকসায় প্রবেশে বাধা ইসরায়েলের, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের

পবিত্র আল-আকসা মসজিদ-এ ঈদের নামাজ আদায়ে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। মসজিদের প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি ভেতরে যেতে পারেননি। পরে বাধ্য হয়ে তারা মসজিদের প্রবেশদ্বার ও আশপাশের সড়কেই নামাজ আদায় করেন।
বিজ্ঞাপন
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ওইদিন মসজিদের অভ্যন্তরে প্রবেশ পুরোপুরি বন্ধ রাখা হয়। অধিকৃত পূর্ব জেরুজালেমের দামেস্ক গেট এলাকায় মুসল্লিরা জড়ো হয়ে কাছাকাছি অবস্থান থেকে নামাজ আদায় করেন।
জেরুজালেম গভর্নরেট এই ঘটনার নিন্দা জানিয়ে একে ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত ও উসকানিমূলক পদক্ষেপ বলে উল্লেখ করেছে। তাদের দাবি, এ ধরনের কার্যক্রমের লক্ষ্য জেরুজালেমের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ে পরিবর্তন আনা।
বিজ্ঞাপন
ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর টানা প্রায় তিন সপ্তাহ ধরে আল-আকসায় মুসল্লিদের প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় পরিস্থিতি আরও করুণ। দীর্ঘদিনের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকায় ফিলিস্তিনিরা খোলা আকাশের নিচে কিংবা ভেঙে পড়া মসজিদের সামনে ঈদের নামাজ আদায় করেছেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা ধর্মীয় ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্র অনুযায়ী, সাম্প্রতিক হামলায় গাজার অধিকাংশ মসজিদ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
বিজ্ঞাপন
সূত্র: আল-জাজিরা








