ইরানে ক্ষেপণাস্ত্র উৎপাদন কাজ পুরোদমে চলছে : আইআরজিসি

ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই—এমন মন্তব্যের জবাবে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, উৎপাদন কার্যক্রম এখনও পূর্ণমাত্রায় চলছে।
বিজ্ঞাপন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্প্রতি দাবি করেছিলেন, তেহরান আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারছে না। তবে এর প্রতিক্রিয়ায় আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরান নিয়মিত ক্ষেপণাস্ত্র উৎপাদন ও মজুত করছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত দৈনিক ‘ইরান’-এর বরাতে তিনি বলেন, দেশটির ক্ষেপণাস্ত্র শিল্প সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং এ নিয়ে কোনো উদ্বেগ নেই। ইরানের মূল্যায়ন পদ্ধতিতে ‘২০’ স্কোরকে পূর্ণ সক্ষমতার প্রতীক হিসেবে ধরা হয়।
বিজ্ঞাপন
অন্যদিকে নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ইসরায়েল যুদ্ধে এগিয়ে রয়েছে এবং ইরানের সামরিক শক্তি দুর্বল হয়ে পড়ছে।
এ পরিস্থিতিতে আইআরজিসি জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, শত্রু সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে দেশটির জনগণের সমর্থন রয়েছে।
সূত্র: এএফপি, আল জাজিরা








