Logo

হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ, ২০২৬, ১২:৫৬
হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: ইরান
ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের বাণিজ্যিক জাহাজে হামলা করা হবে না। বাকি পাঁচটি দেশ হলো ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরাক।

বিজ্ঞাপন

তিনি ব্রিটিশ সংবাদমাধ্যমকে বলেছেন, “হরমুজ প্রণালিটি সম্পূর্ণভাবে বন্ধ করা হয়নি; সেখানে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের অধীনে রয়েছে। অনেক দেশ ইতোমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের অনুরোধ করেছে। আমরা এসব দেশকে বন্ধু হিসেবে বিবেচনা করি।”

আরাগচি আরও বলেন, “আইআরজিসি (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) নিশ্চিত করেছে যে, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত এবং বাংলাদেশ এই ছয় দেশের বাণিজ্যিক জাহাজ সবসময় হরমুজ প্রণালিতে নিরাপদভাবে চলাচল করতে পারবে, এমনকি যুদ্ধ চলাকালীনও। এসব দেশের সঙ্গে সমন্বয় করে আমরা নিরাপত্তা নিশ্চিত করছি।”

বিজ্ঞাপন

হরমুজ প্রণালিটি জ্বালানি পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ। বৈশ্বিক বাজারের প্রায় এক পঞ্চমাংশ তেল এই প্রণালির মাধ্যমে পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর ইরান প্রণালিতে আংশিক অবরোধ জারি করেছে, যা আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির পাশাপাশি বিশ্বব্যাপী সরবরাহ ব্যাহত করেছে।

ইরান পূর্বেই জানিয়েছে, এই অবরোধ শুধু ‘শত্রুভাবাপন্ন’ দেশ যেমন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং তাদের মিত্রদের ওপর প্রযোজ্য হবে; ‘অশত্রু’ বা মিত্র দেশগুলোর জাহাজের চলাচলে কোনো বাধা থাকবে না। তবে হরমুজ প্রণালিতে প্রবেশের আগে অনুমতি নেওয়া বাধ্যতামূলক হবে।

বিজ্ঞাপন

এদিকে ইরানের পার্লামেন্ট একটি নতুন আইন প্রণয়ন করছে, যা অনুযায়ী হরমুজ প্রণালিতে চলাচলকারী সব বিদেশি জাহাজকে টোল প্রদান করতে হবে। ইতোমধ্যেই সেই আইনের খসড়া প্রস্তুত করার কাজ শুরু হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD