হরমুজের পর বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুমকি ইরানের

হরমুজ প্রণালির পর এবার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ বাব আল-মান্দেব প্রণালিতে অবরোধ আরোপের হুমকি দিয়েছে ইরান। ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাতে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফার্স নিউজ।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসির এক জ্যেষ্ঠ কমান্ডার জানিয়েছেন, যদি প্রতিপক্ষ ইরানের দ্বীপাঞ্চল বা মূল ভূখণ্ডে স্থল অভিযান চালানোর চেষ্টা করে, কিংবা পারস্য উপসাগর ও ওমান সাগরে তাদের তৎপরতা বাড়ায়, তাহলে বাব আল-মান্দেব প্রণালিকে কেন্দ্র করে নতুন ফ্রন্ট খুলবে আইআরজিসি।
বাব আল-মান্দেব প্রণালি ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্ত করে এবং সুয়েজ খালের মাধ্যমে বৈশ্বিক নৌপরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিজ্ঞাপন
জ্বালানি পণ্যের বৈশ্বিক বাণিজ্যিও এই প্রণালি খুবই গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে সমুদ্র উপকূলে যেসব তেলখনি আছে, সেসব থেকে উৎপদিত তেলের ১২ শতাংশ বাব আল-মান্দেব দিয়েই পরিবহন করা হয়।
বাব আল-মান্দেবের অবস্থান ইয়েমেনের দক্ষিণাঞ্চলে হলেও এই প্রণালিতে অবরোধ জারির সক্ষমতা আছে ইরানের। কারণ ইয়েমেনের দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করে ইরানের সমর্থন ও মদতপুষ্ট সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি বিদ্রোহীরা।
বিজ্ঞাপন
আইআরজিসির ওই কর্মকর্তা আরও জানান, এ বিষয়ে ইতোমধ্যে হুথি নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা প্রয়োজন হলে ইরানকে পূর্ণ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
সূত্র : এএফপি, এনডিটিভি








