Logo

লিবিয়া থেকে ইউরোপগামী নৌযানে ২২ জনের মৃত্যু, ১৮ জনই বাংলাদেশি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ, ২০২৬, ২০:৪৩
লিবিয়া থেকে ইউরোপগামী নৌযানে ২২ জনের মৃত্যু, ১৮ জনই বাংলাদেশি
ছবি: সংগৃহীত

উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি দিতে গিয়ে আবারও মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে যাত্রা করা একটি রাবারের নৌকায় ছয় দিন সমুদ্রে ভেসে থাকার পর অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে জানিয়েছেন বেঁচে ফেরা যাত্রীরা।

বিজ্ঞাপন

শুক্রবার গ্রিস-এর উপকূলরক্ষী বাহিনী জানায়, ক্রিট দ্বীপের উপকূলের কাছে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ ২৬ জনকে জীবিত উদ্ধার করে। তাদের মধ্যে একজন নারী ও একজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। পরে জানা যায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের এবং একজন চাদের নাগরিক।

বেঁচে ফেরা ব্যক্তিদের বরাত দিয়ে জানা যায়, নৌযাত্রার সময় মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়। গুরুতর অসুস্থ দুজনকে হেরাক্লিয়ন শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধারপ্রাপ্তদের তথ্যমতে, গত ২১ মার্চ পূর্ব লিবিয়ার বন্দরনগরী তবরুক থেকে নৌকাটি যাত্রা শুরু করে। লক্ষ্য ছিল গ্রিস হয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করা—যা অভিবাসনপ্রত্যাশীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার।

বিজ্ঞাপন

যাত্রাপথে দিকভ্রান্ত হয়ে পড়া এবং খাদ্য ও পানির তীব্র সংকটে পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। দীর্ঘ ছয় দিনের এই বিপজ্জনক ভ্রমণে ক্লান্তি ও অনাহারে ২২ জনের মৃত্যু ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গ্রিসের উপকূলরক্ষী বাহিনী আরও জানায়, পাচারকারীদের নির্দেশে মৃতদের মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় ১৯ ও ২২ বছর বয়সী দুই দক্ষিণ সুদানি নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে তদন্ত চলছে।

উল্লেখ্য, নৌযানটি ইয়ারাপেত্রা শহর থেকে প্রায় ৫৩ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থান করছিল। প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও পানির অভাব—সব মিলিয়ে এই যাত্রা পরিণত হয় এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে। সূত্র: দ্য গার্ডিয়ান

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD