দুবাই জলসীমায় কুয়েতি ট্যাংকারে ইরানের ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের বাণিজ্যিক কেন্দ্র দুবাই-এর জলসীমায় কুয়েতের একটি ট্যাংকার জাহাজ ইরানের ড্রোন হামলার শিকার হয়েছে। হামলার সময় জাহাজটি তেল ভর্তি ছিল, যা সাগরে তেল ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি করেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
কুয়েত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র রাষ্ট্র। হামলার আগের দিনই ট্রাম্প ইরানের তেলসম্পদ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ দখলের হুমকি দেন। ওই নির্দেশনার পরই এ হামলা চালায় ইরান।
ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে দ্বন্দ্ব গত দুই দশক ধরে চলেছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ হয়, যা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান চালায়।
বিজ্ঞাপন
দুই দেশের অভিযানের প্রথম দিনেই ইরানের সামরিক ও সরকারি প্রশাসনের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হন। পাশাপাশি ইরানও পাল্টা হামলা শুরু করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয় দেশে—সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে মার্কিন সেনাঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চালাচ্ছে, যা এখনও অব্যাহত আছে।








