আজহারীর পর এবার আহমাদুল্লাহর ভিসাও বাতিল করল অস্ট্রেলিয়া

বাংলাদেশি ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারির পর এবার শায়খ আহমাদুল্লাহর ভিসাও বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।
বিজ্ঞাপন
জানা গেছে, সিডনিতে একটি পূর্বনির্ধারিত অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেও তার আগেই অস্ট্রেলিয়া ত্যাগ করেন শায়খ আহমাদুল্লাহ। দেশ ছাড়ার পরপরই অভিবাসন বিভাগ তার ভিসা বাতিল করে। ফলে তিনি পুনরায় দেশটিতে প্রবেশ করতে পারবেন না। তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে কি না, সে বিষয়েও শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শায়খ আহমাদুল্লাহর কিছু বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, কিছু ভিডিওতে তাকে ইহুদি সম্প্রদায় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করতে দেখা গেছে।
বিজ্ঞাপন
দেশটির সহকারী অভিবাসনমন্ত্রী ম্যাট থিসলথওয়েট এক সাক্ষাৎকারে বলেন, অস্ট্রেলিয়ায় ইহুদিবিদ্বেষ বা ইসলামভীতি উসকে দেয়—এমন কোনো আচরণের প্রতি সহনশীলতা দেখানো হবে না। আইন অনুযায়ী এ ধরনের ক্ষেত্রে ভিসা বাতিলের ক্ষমতা সরকারের রয়েছে।
সম্প্রতি একটি ধর্মীয় কর্মসূচিতে অংশ নিতে অস্ট্রেলিয়া সফরে যান শায়খ আহমাদুল্লাহ। সফরের অংশ হিসেবে মেলবোর্ন, সিডনি, ক্যানবেরা, অ্যাডিলেড ও পার্থে ধারাবাহিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সূচি অনুযায়ী সব কর্মসূচিতে অংশ নেওয়ার আগেই তাকে দেশটি ছাড়তে হয়।
এর আগে একই ধরনের অভিযোগে গত সপ্তাহে আরেক বাংলাদেশি বক্তা ড. মিজানুর রহমান আজহারিকেও অস্ট্রেলিয়া থেকে ফেরত পাঠানো হয়েছিল।








