Logo

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবে ইরান, চাপে ভারত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ এপ্রিল, ২০২৬, ১৮:৪১
চীনকে সঙ্গে নিয়ে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবে ইরান, চাপে ভারত
ছবি: সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিকে ঘিরে চীন ও ইরানের সম্ভাব্য প্রভাব বাড়ার ইঙ্গিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। তাদের মতে, এই পরিস্থিতি ভারতের জন্য বড় ধরনের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক চাপ তৈরি করতে পারে।

বিজ্ঞাপন

ভারতের বিনিয়োগ বিশ্লেষক সৌরভ মুখার্জিয়া এক সাক্ষাৎকারে বলেন, হরমুজ প্রণালির ওপর চীন-ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলে তা ভারতের জন্য দীর্ঘমেয়াদে গুরুতর প্রভাব ফেলতে পারে। তার আশঙ্কা, এ ধরনের পরিস্থিতি একদিন বা দুদিনের নয়, বরং দীর্ঘ সময় স্থায়ী হতে পারে।

সাম্প্রতিক উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন। এর পাল্টা হিসেবে তেহরানও কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই টানাপোড়েনের পেছনে বৃহত্তর শক্তির লড়াই কাজ করছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের ধারণা, মধ্যপ্রাচ্যে কৌশলগত অবস্থান জোরদার করতে ইরানের সঙ্গে সম্পর্ক গভীর করছে চীন। বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ হিসেবে বেইজিং এই অঞ্চলে প্রভাব বাড়াতে আগ্রহী। ২০২১ সালে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত চুক্তির মাধ্যমে তেল সরবরাহ ও বিনিয়োগের সুযোগ তৈরি করেছে তারা। পাশাপাশি পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বন্দরে বিনিয়োগের মাধ্যমে একটি বিস্তৃত প্রভাব বলয় গড়ে তোলার চেষ্টা করছে।

এই প্রেক্ষাপটে ভারতের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে, তেলের দাম বৃদ্ধি, মুদ্রার চাপ এবং সুদের হার বাড়ার কারণে দেশটির অর্থনীতি চাপে পড়বে। এর প্রভাব পড়তে পারে ভোগ ব্যয়, শিল্প উৎপাদন, শেয়ারবাজার এবং কর্মসংস্থানে।

সব মিলিয়ে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বাড়তে থাকা এই ভূ-রাজনৈতিক টানাপোড়েন বিশ্ব অর্থনীতির পাশাপাশি ভারতের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD