ইরানকে নিঃশর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান আবুধাবির

হরমুজ প্রণালী কোনো শর্ত ছাড়াই খুলে দিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (আদনোক)-এর প্রধান নির্বাহী সুলতান আল জাবের।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রণালী দিয়ে জাহাজ চলাচলকে অনুমতি ও রাজনৈতিক প্রভাবের ওপর নির্ভরশীল করে তোলা হয়েছে, যা নৌ-চলাচলের স্বাধীনতার পরিপন্থী। তার ভাষায়, এটি স্বাধীনতা নয়, বরং চাপ প্রয়োগের শামিল।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালী কোনো রাষ্ট্রের তৈরি নয়; এটি একটি প্রাকৃতিক জলপথ, যা আন্তর্জাতিক আইনের আওতায় পরিচালিত। জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন অনুযায়ী, এই পথ ব্যবহার করা সবার অধিকার—কোনো বিশেষ সুবিধা নয়।
বিজ্ঞাপন
সুলতান আল জাবের জোর দিয়ে বলেন, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য প্রণালীটি সম্পূর্ণভাবে, নিঃশর্তে এবং বাধাহীনভাবে চালু রাখা জরুরি। এ ধরনের গুরুত্বপূর্ণ জলপথকে কোনোভাবেই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়।
এদিকে ইরান হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী তেলবাহী জাহাজের কাছ থেকে ব্যারেলপ্রতি ১ ডলার হারে শুল্ক আদায়ের অনানুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় উত্তেজনা বাড়ে। সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: আল-জাজিরা








