ইসরায়েলি সাবেক সেনাপ্রধানের ডিভাইস হ্যাক, ১৯ হাজার ফাইল ফাঁসের দাবি

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান হারজি হালেভি-এর ব্যক্তিগত ডিভাইস হ্যাক করার দাবি করেছে ইরানি হ্যাকার গোষ্ঠী ‘হান্দালা’। তারা জানিয়েছে, এ ঘটনায় ১৯ হাজারের বেশি গোপন ছবি ও ভিডিও তাদের হাতে এসেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় হ্যাকিং গ্রুপটি জানায়, এসব ফাইলের মধ্যে বিভিন্ন সংবেদনশীল বৈঠকের সময় ধারণ করা ছবি ও ভিডিও রয়েছে। তাদের দাবি, ইসরায়েলের সামরিক অবকাঠামো, কমান্ড সেন্টার, মানচিত্র এবং সংকটকালীন ব্যবস্থাপনা সংক্রান্ত বিস্তারিত তথ্যও তাদের কাছে রয়েছে।
হান্দালা ইতোমধ্যে কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছে। প্রকাশিত কনটেন্টে হালেভিকে বিভিন্ন সামরিক স্থাপনায় উপস্থিত থাকা, বৈঠকে অংশ নেওয়া এবং অফিসে সময় কাটানোর দৃশ্য দেখা গেছে। পাশাপাশি তার ব্যক্তিগত জীবন ও পরিবারের কিছু ছবিও প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়।
বিজ্ঞাপন
হ্যাকিং গ্রুপটির দাবি, তারা এর আগেও ইসরায়েলের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির তথ্য ফাঁস করেছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং সাবেক বিচারমন্ত্রী আয়েলেত শাকেদ-এর তথ্যও রয়েছে।
উল্লেখ্য, হারজি হালেভি গাজায় সামরিক অভিযানে তার ভূমিকার কারণে বিভিন্ন মহলে সমালোচিত ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল








