Logo

পাকিস্তান মন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ নেতানিয়াহু, বললেন ‘ভয়ানক’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল, ২০২৬, ১৭:০০
পাকিস্তান মন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ নেতানিয়াহু, বললেন ‘ভয়ানক’
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের সমালোচনা করে দেওয়া বক্তব্যকে ‘ভয়ানক’ বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ মন্তব্য করেন তিনি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ-এর এক্স (সাবেক টুইটার) পোস্টের প্রতিক্রিয়ায়।

বিজ্ঞাপন

গত ৮ এপ্রিল রাতে লেবাননে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১০০ জনের বেশি মানুষ আহত হন। নিহত ও আহতদের বড় একটি অংশই বেসামরিক নাগরিক বলে জানানো হয়েছে।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের তীব্র সমালোচনা করেন খাজা আসিফ। তিনি ইসরায়েলকে ‘মানবতার জন্য অভিশাপ’ উল্লেখ করে বলেন, একদিকে যখন ইসলামাবাদে শান্তি সংলাপের প্রস্তুতি চলছে, তখন অন্যদিকে লেবাননে রক্তপাত অব্যাহত রয়েছে। তার ভাষায়, গাজা, ইরান ও লেবাননে ধারাবাহিকভাবে নিরীহ মানুষ নিহত হচ্ছেন।

বিজ্ঞাপন

পোস্টে তিনি আরও কঠোর ভাষায় মন্তব্য করেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখ করে তীব্র নিন্দা জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠিন অভিশাপমূলক বক্তব্য দেন।

এর কিছুক্ষণ পরই পাল্টা প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে ইসরায়েলকে ধ্বংসের আহ্বান জানানো হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, কোনো রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়—বিশেষ করে এমন একটি দেশের পক্ষ থেকে, যারা নিজেদের শান্তির নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’র-ও। পৃথক এক পোস্টে তিনি খাজা আসিফের বক্তব্যকে ‘ইহুদি-বিদ্বেষী’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েলকে ‘ক্যান্সার’ হিসেবে উল্লেখ করা আসলে রাষ্ট্রটিকে ধ্বংসের আহ্বান জানানোর শামিল।

তিনি আরও বলেন, যারা ইসরায়েলের বিরুদ্ধে এমন অবস্থান নেয়, তাদের হুমকি থেকে নিজেদের সুরক্ষিত রাখতে ইসরায়েল সবসময় প্রস্তুত থাকবে।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD