Logo

যুক্তরাষ্ট্র-ইরানের প্রতিনিধিদের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আলাদা বৈঠক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল, ২০২৬, ১৮:০৭
যুক্তরাষ্ট্র-ইরানের প্রতিনিধিদের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আলাদা বৈঠক
ছবি: সংগৃহীত

ইসলামাবাদে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনা শুরুর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলোচনাগুলোকে ঘিরে কূটনৈতিক তৎপরতা নতুন মাত্রা পেয়েছে।

বিজ্ঞাপন

হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ও জামাতা জ্যারেড কুশনার।

অন্যদিকে, একই দিনের শুরুতে ইরানের পক্ষ থেকেও একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করে। ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বিজ্ঞাপন

তবে উভয় পক্ষের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এসব বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। কূটনৈতিক সূত্রগুলোও এ বিষয়ে মুখ খুলেনি।

এর আগে দেওয়া এক বিবৃতিতে শাহবাজ শরিফ আশা প্রকাশ করেন, চলমান উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ এগিয়ে নিতে পাকিস্তান সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

উল্লেখযোগ্য বিষয় হলো, ১৯৭৯ সালের পর এই প্রথমবারের মতো ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি উচ্চপর্যায়ের বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের গুরুত্ব বহন করছে।

পটভূমিতে রয়েছে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন এবং দেশটির সামরিক-বেসামরিক বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী পাঁচ সপ্তাহে সংঘাত চলাকালে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।

প্রতিক্রিয়ায় ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়, যার মাধ্যমে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা দেখা দেয়।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে, যা সামনে রেখে চলমান কূটনৈতিক প্রচেষ্টা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র : আল-জাজিরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD