ইরানে ইসরায়েলের সামরিক অভিযান এখনো শেষ হয়নি: নেতানিয়াহু

ইরানে ইসরায়েলের সামরিক অভিযান এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বর্তমানে সাময়িক বিরতি থাকলেও অভিযান চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক চলাকালে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ মন্তব্য করেন নেতানিয়াহু। হিব্রু ভাষায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানে অভিযানের অনেক কিছু এখনো বাকি রয়েছে, তবে এ পর্যন্ত অর্জনকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেন।
ভিডিওবার্তায় ইরানে সামরিক পদক্ষেপ নেওয়ার কারণও তুলে ধরেন তিনি। তার দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করছিল। এছাড়া তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিকে ভূগর্ভস্থ গভীরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন, যাতে বাইরের হামলা থেকে সেগুলো সুরক্ষিত থাকে।
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা চলছে। গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা সংলাপ হলেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।
এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং একই সময়ে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে। সংঘাতের প্রথম দিনেই নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি।
উত্তেজনা কমাতে ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। সেই ধারাবাহিকতায় ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নতুন করে বৈঠক হলেও কোনো চুক্তি হয়নি।
বিজ্ঞাপন
নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং সামনে আরও অগ্রগতি সম্ভব। ইরানে এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অবস্থান নিয়েছেন, ইসরায়েল তা সমর্থন করে—সমঝোতার মাধ্যমে অপসারণ না হলে অন্য উপায়ে তা সরানো হবে।
সূত্র: বিবিসি, এএফপি








