ইরানের বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

ইরানকে চাপে রাখতে দেশটির বন্দর অবরোধের যে পরিকল্পনা যুক্তরাষ্ট্র নিয়েছে, তাতে সরাসরি অংশ নিচ্ছে না যুক্তরাজ্য। তবে অঞ্চলটিতে নিজেদের সামরিক উপস্থিতি ও কার্যক্রম চালু রাখার কথা জানিয়েছে লন্ডন।
বিজ্ঞাপন
ব্রিটিশ সরকারের কর্মকর্তাদের উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে বিবিসি। যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইরানের বন্দর অবরোধে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ বা সেনাদের ব্যবহার করা হবে না। তবে মাইন অপসারণকারী জাহাজ ও ড্রোন প্রতিরোধ ব্যবস্থা ওই এলাকায় সক্রিয় থাকবে।
প্রধানমন্ত্রী কেইর স্টারমারের নেতৃত্বাধীন সরকারের এক মুখপাত্র বলেন, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং তা পুনরায় চালু করা জরুরি। এটি বৈশ্বিক অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিজ্ঞাপন
এর আগে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের দীর্ঘ আলোচনায় অগ্রগতি না হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলো অবরোধের হুমকি দেন। পরে এক বার্তায় মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) জানায়, এ পরিকল্পনা বাস্তবায়নে তারা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে।
সেন্টকোমের ভাষ্য অনুযায়ী, অবরোধ কার্যকর হলে ইরানের কোনো বন্দর থেকে জাহাজ বের হতে বা বাইরে থেকে সেখানে ভিড়তে পারবে না। তবে হরমুজ প্রণালি ব্যবহার করে অন্য দেশের জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে।
সূত্র : বিবিসি








