তনু হত্যা মামলায় ১০ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথমবারের মতো সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম হাফিজুর রহমান। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। গ্রেপ্তারের পর আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর কেরানীগঞ্জের নিজ বাসা থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হকের আদালতে হাজির করা হলে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকার পরিদর্শক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এর আগে ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকার ভেতরে টিউশনি শেষে আর বাসায় ফেরেননি সোহাগী জাহান তনু। পরে অনেক খোঁজাখুঁজির পর সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন নিহতের বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
প্রথমে থানা পুলিশ, এরপর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দীর্ঘ সময় তদন্ত করলেও মামলার কোনো রহস্য উদঘাটন করা যায়নি।
বিজ্ঞাপন
পরবর্তীতে পুলিশ সদর দপ্তরের নির্দেশে ২০২০ সালের ২১ অক্টোবর মামলার নথি সিআইডি থেকে পিবিআই ঢাকায় হস্তান্তর করা হয়। এরপর প্রায় চার বছর পিবিআই সদর দপ্তরের পুলিশ পরিদর্শক মো. মজিবুর রহমান মামলাটি তদন্ত করেন। সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তদন্তের দায়িত্ব পান পরিদর্শক মো. তরিকুল ইসলাম।








