গণহত্যা মামলায় আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

রাজধানীর শাপলা চত্বর হত্যাকাণ্ডসহ র্যাবে দায়িত্ব পালনকালীন কথিত ‘ক্রসফায়ার’ ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হচ্ছে।
বিজ্ঞাপন
বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলাগুলোর এজাহারের কপি ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে প্রায় এক হাজার মামলার নথি তদন্ত সংস্থার কাছে পৌঁছেছে।
বিজ্ঞাপন
প্রসিকিউটর আরও জানান, তদন্ত কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়ার উল্লেখযোগ্য অগ্রগতি হবে।
এর আগে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হয়। একই মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ায় চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।








