Logo

ঢাকা মেডিকেলে রাতভর আনসারের নজরদারি, ভুয়া চিকিৎসকসহ ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ১৮:৫৩
ঢাকা মেডিকেলে রাতভর আনসারের নজরদারি, ভুয়া চিকিৎসকসহ ২ জন আটক
ছবি: সংগৃহীত

রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাতভর সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত পৃথক দুটি অভিযানে ভুয়া চিকিৎসক পরিচয় দেওয়া এক নারী ও গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ভোর ৩টা ৩০ মিনিটে হাসপাতালের নতুন ভবনের গ্লাস গেটের সামনে দায়িত্ব পালন করছিলেন ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের এপিসি মো. রুহুল আমিন। এ সময় সাদা অ্যাপ্রোন পরা এক নারীর সন্দেহজনক চলাফেরা নজরে এলে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

পরে এপিসি সৌরভ চন্দ্র রায় ও মহিলা আনসার সদস্য তাহমিনা আক্তার তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। ওই নারী নিজের নাম শান্তা আক্তার বলে জানান এবং নিজেকে পঙ্গু হাসপাতালের চিকিৎসক হিসেবে পরিচয় দেন। তবে বৈধ পরিচয়পত্র দেখাতে না পারায় একপর্যায়ে তিনি স্বীকার করেন, তিনি চিকিৎসক নন। একটি ওষুধ কোম্পানির প্রতিনিধির কাছ থেকে অ্যাপ্রোনটি সংগ্রহ করেছিলেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এরপর ভোর ৫টার দিকে হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ডে নিয়মিত টহল দেওয়ার সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকা এক যুবককে আটক করেন আনসার সদস্য মো. সাইফুল্লাহ ও মো. রাগীব শেখ। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের নাম নওয়াব আলী বলে জানান। তবে হাসপাতালে অবস্থানের বিষয়ে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

পরে তাঁর দেহ তল্লাশি করে কাগজে মোড়ানো গাঁজা এবং ১৭ কৌটা ‘গ্যাস্টোক্যাল’ ওষুধ উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানে ভুয়া পরিচয়ে প্রবেশ কিংবা মাদকসহ সন্দেহভাজন ব্যক্তির অবস্থান রোগী ও তাঁদের স্বজনদের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ। আনসার সদস্যদের নিয়মিত নজরদারি ও দ্রুত পদক্ষেপে দুটি পৃথক ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা সম্ভব হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এ ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD