পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল দেওয়ার সময় এ হামলা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ এপ্রিল) গভীর রাতে আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
আহতরা হলেন—নৌফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া। তারা সবাই একই নৌফাঁড়িতে কর্মরত।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহল চলাকালে পদ্মা নদীর কুষ্টিয়া অংশে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা হঠাৎ গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা জবাব দিলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে ওসিসহ পাঁচ সদস্য আহত হন।
পরে তাদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান জানান, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।








