Logo

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১, বেশিরভাগই বিদেশি নাগরিক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ জুন, ২০২৬, ১৪:০৮
দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১, বেশিরভাগই বিদেশি নাগরিক
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই বিদেশি নাগরিক বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৩ জুন) সকাল প্রায় ৮টা ৫০ মিনিটের দিকে পাঁচতলা ভবনটির বেসমেন্টে অবস্থিত একটি রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দমকল বাহিনীর একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন নেভাতে ফায়ার ইঞ্জিন, ওয়াটার বাউজার এবং কুইক রেসপন্স যান মোতায়েন করা হয়।

বিজ্ঞাপন

দমকল বিভাগের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন। উদ্ধারকর্মীরা বেশ কয়েকজনকে জীবিত বের করে আনতে সক্ষম হলেও অন্তত ২১ জন প্রাণ হারান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে কয়েকজন অতিথি ভবনের ওপরের তলা থেকে নিচে নামার চেষ্টা করছেন। এতে আতঙ্কিত পরিস্থিতির চিত্র ফুটে ওঠে।

সংকীর্ণ গলির মধ্যে অবস্থিত ২৫ কক্ষের হোটেলটিতে চিকিৎসার জন্য ভারতে আসা কয়েকজন বিদেশি নাগরিকও ছিলেন। স্থানীয়দের দাবি, আগুন লাগার সময় অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন, ফলে দ্রুত বের হতে পারেননি অনেকেই।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও দমকল বিভাগ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। একই সঙ্গে আহতদের চিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD