ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন পার্লামেন্টে রেজল্যুশন পাস

ইরানকে ঘিরে সামরিক কার্যক্রমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর কংগ্রেসের নিয়ন্ত্রণ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি রেজল্যুশন পাস হয়েছে। বৃহস্পতিবার নিম্নকক্ষে ভোটাভুটির মাধ্যমে প্রস্তাবটি অনুমোদন পায়।
বিজ্ঞাপন
ডেমোক্রেটিক পার্টির উত্থাপিত রেজল্যুশনে বলা হয়েছে, ইরান সংশ্লিষ্ট সামরিক অভিযানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের মোতায়েন অব্যাহত রাখতে হলে ট্রাম্প প্রশাসনকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। একই সঙ্গে কংগ্রেসের অনুমোদন না পাওয়া পর্যন্ত ইরান যুদ্ধের উদ্দেশ্যে মোতায়েন সেনাদের ফিরিয়ে আনার কথাও উল্লেখ করা হয়েছে।
ভোটাভুটিতে রেজল্যুশনের পক্ষে ভোট দেন ২১৫ জন প্রতিনিধি, বিপক্ষে ভোট দেন ২০৮ জন। ডেমোক্র্যাট সদস্যদের পাশাপাশি ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির চারজন সদস্যও প্রস্তাবটির পক্ষে অবস্থান নেন।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষ— প্রতিনিধি পরিষদ ও সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তা খুব বেশি নয়। ফলে ইরান ইস্যুতে এমন একটি রেজল্যুশন পাস হওয়াকে ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
তবে প্রতিনিধি পরিষদে অনুমোদনের পরও এটি এখনই কার্যকর হচ্ছে না। পরবর্তী ধাপে রেজল্যুশনটি সিনেটে যাবে। সেখানে আলোচনা ও ভোটের মাধ্যমে অনুমোদন পেলেই এটি কার্যকর হওয়ার পথ তৈরি হবে।
বিজ্ঞাপন
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধের প্রেক্ষাপটে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে। প্রায় ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। বর্তমানে সেই যুদ্ধবিরতি কার্যকর থাকলেও স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, অভিযানের প্রথম ছয় দিনেই প্রায় ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয় হয়। এরপর প্রতিদিন কয়েকশ কোটি ডলার পর্যন্ত খরচ হচ্ছে বলে হিসাব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি পরিষদের সদস্য ও পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য গ্রেগরি মিকস বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো প্রেসিডেন্ট যুদ্ধ ঘোষণা করতে পারেন না। তার অভিযোগ, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগে এ বিষয়ে কংগ্রেসের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা করা হয়নি।
সূত্র: রয়টার্স।








