Logo

বেরিং প্রণালিতে ‘পুতিন-ট্রাম্প টানেল’ নির্মাণে চুক্তি আজ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ জুন, ২০২৬, ১৯:৩৪
বেরিং প্রণালিতে ‘পুতিন-ট্রাম্প টানেল’ নির্মাণে চুক্তি আজ
ছবি: সংগৃহীত

রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে সংযুক্ত করতে বেরিং প্রণালির নিচ দিয়ে প্রস্তাবিত টানেল নির্মাণ প্রকল্পের নকশা প্রণয়নের কাজ এগিয়ে নিতে আজ শুক্রবার (৫ জুন) একটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এ তথ্য জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ।

বিজ্ঞাপন

সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে আলোচিত ‘পুতিন-ট্রাম্প টানেল’ প্রকল্প নিয়ে আলোচনা এখনও চলমান রয়েছে। তার ভাষায়, এটি দুই দেশের মধ্যে অন্যতম বৃহৎ অবকাঠামোগত উদ্যোগ হতে যাচ্ছে।

দিমিত্রিয়েভ জানান, প্রকল্পের নকশা প্রণয়নের কাজ এগিয়ে নিতে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করা হবে এবং এ বিষয়ে শিগগিরই নতুন তথ্য প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সম্প্রতি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে তার টেলিফোনে আলোচনা হয়েছে। যদিও এ বিষয়ে মার্কিন পক্ষ থেকে প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি।

রুশ বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে দিমিত্রিয়েভ জানান, ওই আলোচনায় মূলত দুই দেশের সম্ভাব্য অর্থনৈতিক সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয় গুরুত্ব পেয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং যুক্তরাষ্ট্র শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। একই সঙ্গে ওয়াশিংটন ইউক্রেনকে সংঘাত বাড়ানোর পরিবর্তে আলোচনার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

দিমিত্রিয়েভের মতে, রাশিয়া ও যুক্তরাষ্ট্র বর্তমানে বিভিন্ন অর্থনৈতিক প্রকল্প এবং যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। বিশেষ করে রাশিয়ার অভ্যন্তরে উভয় দেশের জন্য লাভজনক খাতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

এদিকে চলতি সপ্তাহে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেন ইস্যুতে আনুষ্ঠানিক আলোচনা স্থগিত থাকলেও মস্কো ও ওয়াশিংটনের মধ্যে যোগাযোগ বজায় রয়েছে।

বিজ্ঞাপন

তিনি সতর্ক করে বলেন, ইউক্রেন যদি শান্তি আলোচনার অনুকূল সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় এবং সমাধান প্রক্রিয়া দীর্ঘায়িত করে, তাহলে রাশিয়া তার সামরিক অভিযান চালিয়ে যাবে।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মন্তব্য করেছেন, মস্কো ও কিয়েভ—উভয় পক্ষই ছাড় দিতে অনাগ্রহী হওয়ায় ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাপ্তির সম্ভাবনা এখনও খুবই সীমিত।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD