Logo

ইরানি ড্রোন হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অ্যান্টি-ড্রোন সিস্টেম কিনছে কুয়েত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ জুন, ২০২৬, ১২:২৩
ইরানি ড্রোন হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অ্যান্টি-ড্রোন সিস্টেম কিনছে কুয়েত
ছবি: সংগৃহীত

ইরানের ড্রোন হামলার ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিলের কাছ থেকে প্রায় ১৯৮ কোটি ডলার মূল্যের অত্যাধুনিক অ্যান্টি-ড্রোন সিস্টেম কেনার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। ইতোমধ্যে এই সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জুন) প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্রদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতেও এটি সহায়ক হবে।

উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ কুয়েতে বর্তমানে ছোট-বড় মিলিয়ে আটটি মার্কিন সামরিক স্থাপনা রয়েছে। এর মধ্যে দুটি বিমান ঘাঁটি সরাসরি বিমান বাহিনীর কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হয়, আর বাকি ঘাঁটিগুলো যৌথ সামরিক ও লজিস্টিক সহায়তা কেন্দ্র হিসেবে কাজ করছে।

বিজ্ঞাপন

ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে। টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

এই সংঘাত চলাকালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সবচেয়ে বেশি হামলার শিকার দেশগুলোর মধ্যে কুয়েত ছিল অন্যতম।

যুদ্ধবিরতির আগে ইরানি হামলায় কুয়েতের দুই সেনাসদস্যসহ মোট পাঁচজন নিহত হন। পাশাপাশি দেশটির বিভিন্ন অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বিজ্ঞাপন

গত বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ছোড়া একটি ড্রোন হামলায় একজন নিহত এবং আরও ৬৩ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। এছাড়া শনিবার ভোরে কুয়েতের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) প্রতিহত করে ধ্বংস করেছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতের এই অ্যান্টি-ড্রোন সিস্টেম কেনার সিদ্ধান্ত দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD