লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন শিশু আহত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজ্ঞাপন
পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির জানান, দুর্ঘটনার পর মোট ১৯ শিশুকে কাহনা তহসিল সদর (টিএইচকিউ) হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ১৪ জনকে মৃত ঘোষণা করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিক চিকিৎসা শেষে দুই শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আহত আরও চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, উদ্ধার অভিযান ইতোমধ্যে শেষ হয়েছে।
বিজ্ঞাপন
উদ্ধারকারী দলের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় কোচিং সেন্টারের ভেতরে ৩০ জনের বেশি শিশু উপস্থিত ছিল। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল। সেই সময় নিচতলায় শিক্ষার্থীদের ক্লাস চলাকালে হঠাৎ ছাদ ধসে পড়ে।
এ ঘটনায় ভবনের মালিকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। কী কারণে ছাদ ধসে পড়েছে, তা জানতে তদন্ত চলছে।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি নিহত শিশুদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও ঘটনার তদন্ত প্রতিবেদন চেয়েছেন। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
পাকিস্তানে নিম্নমানের নির্মাণসামগ্রী এবং নিরাপত্তা মানদণ্ডে ঘাটতির কারণে ভবন ধসের ঘটনা প্রায়ই ঘটে। গত বছরের জুলাইয়ে করাচির লিয়ারি এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে ২৭ জন নিহত এবং ১০ জন আহত হয়।
বিজ্ঞাপন
সূত্র: জিও নিউজ








