Logo

বাস-ট্রাক সংঘর্ষের পর ভয়াবহ আগুন, নিহত ৭

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ জুলাই, ২০২৬, ১৩:১৭
বাস-ট্রাক সংঘর্ষের পর ভয়াবহ আগুন, নিহত ৭
ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানের দৌসা এলাকার কাছে দিল্লি-মুম্বাই মহাসড়কে একটি যাত্রীবাহী শয়নব্যবস্থাসম্পন্ন বাসের সঙ্গে একটি বড় ট্রাকের সংঘর্ষের পর ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, বাসটি ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের উদ্দেশ্যে দ্রুতগতিতে চলছিল। পথে দিল্লি-মুম্বাই মহাসড়কে সামনে থাকা একটি বড় ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগলে মুহূর্তেই দুটি যানবাহনে আগুন ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

কর্মকর্তারা জানিয়েছেন, বাসের ভেতরের ওপরের বার্থের যাত্রীরা ধাক্কা খেয়ে নিচে ছিটকে পড়েন। নিহতদের মধ্যে ৫ জন আগুনে পুড়ে এবং ২ জন মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। 

প্রত্যক্ষদর্শীদের মতে, নিহতদের বেশিরভাগই দুর্ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন। আহতদের উদ্ধার করে দ্রুত দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন আহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

বিজ্ঞাপন

দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, বাসচালক হয়তো গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন অথবা বাসের অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, উদ্ধারকারী ও দমকল কর্মীরা ঘটনাস্থলে প্রায় এক ঘণ্টা দেরিতে পৌঁছানোয় বাসে আটকে পড়া মানুষদের সময়মতো বাঁচানো যায়নি এবং প্রাণহানি বেড়েছে। এ ছাড়া বাসের মালামাল রাখার জায়গায় প্রচুর সিগারেটের প্যাকেট ছিল, যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা দাবি করেছেন। 

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে আহতদের পরিচয় শনাক্ত এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে স্থানীয় প্রশাসন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD