Logo

যুক্তরাষ্ট্রে সমুদ্রে পড়ল বিমান, দুই শিশুসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর, ২০২৬, ২১:৪৩
যুক্তরাষ্ট্রে সমুদ্রে পড়ল বিমান, দুই শিশুসহ নিহত ৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। দেশটির মিসিসিপি উপকূলে পাসকাগৌলা ও হর্ন দ্বীপের মধ্যবর্তী সমুদ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে উদ্ধার অভিযান চালিয়ে বিমানের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।

বিজ্ঞাপন

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে সেসনা ২১০ মডেলের বিমানটি সমুদ্রে বিধ্বস্ত হয়। নিহত দুই শিশুর একজনের বয়স ৮ বছর এবং অন্যজনের বয়স ১০ বছর বলে জানিয়েছেন কোস্টগার্ডের মুখপাত্র জুয়ান রোস।

কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, দুপুর ৩টা ৪৫ মিনিটের দিকে আলাবামার মোবাইল এলাকার আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর জানায়। এরপর শুরু হয় উদ্ধার অভিযান।

কয়েক ঘণ্টার তল্লাশিতে উদ্ধারকারীরা প্রথমে তিনটি লাইফ জ্যাকেট ও একটি লাইফ র‌্যাফট খুঁজে পান। পরে সমুদ্রে ভাসমান বিমানটির ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

বিমানটি নিউ অরলিন্স থেকে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের উদ্দেশে যাচ্ছিল। নিউ অরলিন্সের সংবাদমাধ্যম ডব্লিউভিইউই জানিয়েছে, বিমানের যাত্রীরা লুইজিয়ানার ভেনিসে ছুটি কাটিয়ে বাড়িতে ফিরছিলেন।

উদ্ধার অভিযান নিয়ে কোস্টগার্ডের মোবাইল এলাকার সার্চ অ্যান্ড রেসকিউ সমন্বয়ক কমডোর ট্রেভর ব্লোন্ট বলেন, “এটি (মরদেহ উদ্ধার) আমাদের প্রত্যাশিত ছিল না। তবে বিভিন্ন সংস্থার মধ্যে শক্তিশালী সমন্বয়ের মাধ্যমে আমরা বিমানে থাকা যাত্রীদের মরদেহ উদ্ধার এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরেছি।”

এদিকে, এর আগে গত ৩ নভেম্বর দক্ষিণ ফ্লোরিডায় আরেকটি ছোট বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় পাইলটসহ বিমানে থাকা নয়জনের সবাই প্রাণ হারান।

সূত্র: দ্য গার্ডিয়ান

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD