ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ধীরাজ শেঠ। মঙ্গলবার দায়িত্ব নেওয়ার মাধ্যমে তিনি দেশটির ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হয়েছেন।
বিজ্ঞাপন
মহারাষ্ট্রের খড়কওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি অপারেশন পরিচালনা, কৌশল নির্ধারণ, সামরিক সক্ষমতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক নেতৃত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি আধুনিকায়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বহুমাত্রিক অপারেশনাল পরিবেশে নেতৃত্ব দেওয়ার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে তার। দীর্ঘ সামরিক জীবনে উত্তর ভারতের মরু অঞ্চলে একটি সাঁজোয়া রেজিমেন্ট, পশ্চিমাঞ্চলীয় কমান্ডের অধীনে একটি সাঁজোয়া ব্রিগেড এবং জম্মু-কাশ্মিরে সন্ত্রাসবিরোধী বাহিনীর শীর্ষ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনীতে তিনি ‘স্পষ্টভাষী ট্যাংকম্যান’ হিসেবেও পরিচিত।
বিজ্ঞাপন
বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মেয়াদকালে ধীরাজ শেঠ উপ-সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রধান স্ট্রাইক ফরমেশন ‘সুদর্শন চক্র কোর’-এর নেতৃত্বও দেন।
এমন এক সময়ে তিনি প্রায় ১৩ লাখ সদস্যের ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করলেন, যখন বিশ্বজুড়ে ভূ-কৌশলগত পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তিগত অগ্রগতির ফলে যুদ্ধের ধরন বদলে যাচ্ছে এবং নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
এদিকে ১ জুলাই থেকে ভারতীয় বিমানবাহিনীতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। নতুন সহ-বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। তিনি এয়ার মার্শাল নাগেশ কাপুরের স্থলাভিষিক্ত হয়েছেন। একই সঙ্গে নতুন সহ-সেনাপ্রধান হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈন, যিনি সেনাবাহিনীর বিভিন্ন অপারেশন, পরিকল্পনা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো তদারকি করবেন।
বিজ্ঞাপন
সেনাবাহিনীর কমান্ড পর্যায়েও একাধিক রদবদল হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ডের কমান্ডার-ইন-চিফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা। দক্ষিণ কমান্ডের দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল রাজেশ পুষ্করকে। এছাড়া লেহর ‘ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস’-এর নতুন কমান্ডিং কর্মকর্তা হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মদনরাজ পান্ডে। তিনি লেফটেন্যান্ট জেনারেল হিতেশ ভাল্লার স্থলাভিষিক্ত হয়েছেন।
সূত্র: দ্য হিন্দু








