ইরানে ইসলামিক বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা

ইরানের পূর্বাঞ্চলীয় শহর পাভেহতে সশস্ত্র হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)-এর দুই সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই সদস্য আহত হয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ জুন) দেশটির সরকারি সংবাদমাধ্যম জানায়, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সীমান্তঘেঁষা পাভেহ শহরে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা একটি বাড়িতে প্রবেশ করে বিপ্লবী গার্ডের সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়।
তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় জানা যায়নি। তবে অতীতে এ ধরনের হামলার জন্য ইরান প্রায়ই কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে এসেছে।
বিজ্ঞাপন
ইরান-ইরাক সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী কুর্দিদের একটি অংশ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সক্রিয়। তেহরান তাদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচনা করে এবং অভিযোগ করে, এসব গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থন পেয়ে থাকে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে হামলাটিকে ‘সন্ত্রাসী ও কাপুরুষোচিত’ বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, নিহত দুই সদস্য ছাড়াও আরও দুজন আহত হয়েছেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি








