Logo

৮ মাসের মাথায় পদত্যাগ করলেন মলদোভার প্রধানমন্ত্রী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ জুলাই, ২০২৬, ১৯:৪২
৮ মাসের মাথায় পদত্যাগ করলেন মলদোভার প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মাথায় পদত্যাগ করেছেন মলদোভার প্রধানমন্ত্রী আলেক্সান্দ্রু মুনতেয়ানু। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট মায়া সান্দু বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে প্রেসিডেন্ট জানান, মলদোভার ইউরোপীয় ইউনিয়নমুখী যাত্রা অব্যাহত রাখতে দ্রুতই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হবে।

মুনতেয়ানুর আকস্মিক পদত্যাগের ফলে তার নেতৃত্বাধীন মন্ত্রিসভাও বিলুপ্ত হয়েছে। প্রেসিডেন্ট মায়া সান্দুর ইউরোপপন্থি দল পার্টি অব অ্যাকশন অ্যান্ড সলিডারিটি (পিএএস) ২০২৫ সালের নভেম্বরে নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ৬২ বছর বয়সী মুনতেয়ানু বলেন, দায়িত্ব গ্রহণের সময় তিনি বিশ্বাস করেছিলেন যে দেশের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখতে পারবেন। তবে একপর্যায়ে তিনি উপলব্ধি করেন, নিজের নীতি ও বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্য রেখে আর দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

প্রেসিডেন্ট মায়া সান্দু তার পদত্যাগপত্র গ্রহণ করে কঠিন সময়ে দেশ পরিচালনার জন্য মুনতেয়ানুকে ধন্যবাদ জানান। তবে তিনি বলেন, জটিল সিদ্ধান্ত গ্রহণে প্রধানমন্ত্রী আরও সক্রিয় ভূমিকা রাখবেন এবং জনগণের মতামতের প্রতি আরও উন্মুক্ত থাকবেন—এমন প্রত্যাশা ছিল।

এদিকে, প্রধানমন্ত্রীকে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা দেওয়া হয়েছে—এমন অভিযোগও নাকচ করেছেন প্রেসিডেন্ট সান্দু। সাংবাদিকদের তিনি বলেন, সরকার পরিচালনায় মুনতেয়ানু নিজের বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা পেয়েছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলবে এবং সেই সময় পর্যন্ত আলেক্সান্দ্রু মুনতেয়ানু অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন।

মায়া সান্দু বলেন, মলদোভাকে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের পথে এগিয়ে নেওয়া এবং দেশের উন্নয়নে কাজ করাই সরকারের প্রধান লক্ষ্য।

সূত্র: ডয়চে ভেলে

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD