ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু

ইউরোপজুড়ে চলমান রেকর্ডভাঙা তাপপ্রবাহে ফ্রান্সে অন্তত ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ জুন) দেশটির জনস্বাস্থ্য সংস্থার প্রকাশিত প্রাথমিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, তীব্র গরমের কারণে বিভিন্ন শারীরিক জটিলতায় আরও অনেক মানুষের মৃত্যু হয়েছে, যাদের তথ্য এখনো পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়নি। ফলে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অতিরিক্ত মৃত্যুর প্রাথমিক হিসাবের বিস্তারিত তুলে ধরে স্যঁতে পাবলিক নামের ওই সংস্থাটি বলেছে, মৃতদের বেশিরভাগই বয়স্ক মানুষ। এছাড়া কেয়ার হোম ও বাসাবাড়িতে মৃত্যুর তথ্য হাতে এলে এই মৃত্যুহার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিজ্ঞাপন
বর্তমানে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ তাপপ্রবাহের কবলে রয়েছে। এতে কোটি কোটি মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। অতিরিক্ত গরমে ইতোমধ্যে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি অতীতের বিভিন্ন তাপমাত্রার রেকর্ড ভেঙে যাচ্ছে, ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন এবং ক্ষতির মুখে পড়ছে বিভিন্ন অবকাঠামো।
বিজ্ঞানীদের মতে, গত ২০ জুন শুরু হওয়া এই তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে নথিভুক্ত সবচেয়ে তীব্র ঘটনাগুলোর একটি। তাদের ভাষ্য, বৈশ্বিক গড়ের তুলনায় ইউরোপের জলবায়ু অনেক দ্রুত পরিবর্তিত হচ্ছে।
ফ্রান্সে কমতে শুরু করেছে তাপপ্রবাহ
বিজ্ঞাপন
ফ্রান্সের আবহাওয়া সংস্থা জানিয়েছে, তাপপ্রবাহ ধীরে ধীরে দেশের পূর্বাঞ্চলের দিকে সরে যাচ্ছে। দেশের অধিকাংশ এলাকায় চরম গরম কিছুটা কমলেও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি অঞ্চল এখনও তাপপ্রবাহের সতর্কতার আওতায় রয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্তেফানি রিস্ট বলেছেন, আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করলেও তাপপ্রবাহের স্বাস্থ্যগত প্রভাব আরও প্রায় ১০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।
বিজ্ঞাপন
দেশটির টেলিভিশন চ্যানেল বিএফএমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই দুর্যোগ এখনও শেষ হয়ে যায়নি।
স্যঁতে পাবলিক বলেছে, মৃত ব্যক্তিদের বেশিরভাগেরই বয়স ৬৫ বছর বা তার বেশি। তবে তীব্র এই গরমের স্বাস্থ্যঝুঁকি সব বয়সী মানুষের ওপরই প্রভাব ফেলেছে।
সূত্র: এএফপি।
বিজ্ঞাপন








