মৃত্যুর আগে ৩ বার ‘শয়তানকে’ দেখেছিলেন পোপ ফ্রান্সিস: ব্যক্তিগত ডায়েরির তথ্য

পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরিতে উঠে এসেছে শয়তানের দর্শন পাওয়ার দাবি এবং জীবনের নানা আধ্যাত্মিক সংকটের কথা। নিজের ধর্মীয় জীবনে তিনবার শয়তানকে দেখেছিলেন বলে ডায়েরিতে লিখেছেন তিনি। এর মধ্যে দুটি ঘটনা ঘটেছিল আর্জেন্টিনার বুয়েনস এইরেসে এবং তৃতীয়টি ২০১৮ সালে চিলি সফরের পর। মঙ্গলবার ভ্যাটিকান ডায়েরির কিছু অংশ প্রকাশ করে।
বিজ্ঞাপন
ডায়েরিতে ফ্রান্সিস আরও লিখেছেন, ধর্মযাজকদের যৌন নির্যাতনের কেলেঙ্কারির ভয়াবহতা উপলব্ধি করার পর তার মনে হয়েছিল, তিনি যেন ‘নরকের দরজা’ দেখেছেন।
২০২১ সালের ২৪ জানুয়ারির ডায়েরিতে ফ্রান্সিস লেখেন, ‘রোমে ফেরার কয়েক দিন পর আমি একটি বৈঠকে ছিলাম। আমি তাকে দেখলাম এবং তার কণ্ঠে বিজয়ের সুর শুনলাম। শয়তান বলল, “এখন আমি যা চেয়েছিলাম, তার সবই পেয়ে গেছি”।’
তিনি আরও উল্লেখ করেন, আগের দুইবার শয়তানের দর্শনের সময় দেখা চোখের কথা যেমন ভুলতে পারেননি, এবার তেমনি সেই কণ্ঠস্বরের তীব্র কর্কশতাও তার মনে গেঁথে ছিল।
চিলি সফরের পর সংকট
২০১৮ সালে চিলি সফরের সময় দেশটির একজন কুখ্যাত যৌন নিপীড়কের বিরুদ্ধে অভিযোগ আনা ভুক্তভোগীদের বক্তব্য প্রথমে বিশ্বাস করেননি পোপ ফ্রান্সিস। সফর শেষে উড়োজাহাজে সাংবাদিকেরা এ বিষয়ে তাকে কঠিন প্রশ্ন করেন। পরে তিনি ঘটনার তদন্তের নির্দেশ দেন।
তদন্তের পর ফ্রান্সিস বুঝতে পারেন, ভুক্তভোগীদের অভিযোগ সঠিক ছিল এবং চিলির চার্চের নেতারা তাকে ভুল তথ্য দিয়েছিলেন। বিষয়টি উপলব্ধি করে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে ডায়েরিতে উল্লেখ করেন।
২০১৮ সালের ৭ জুনের লেখায় ফ্রান্সিস জানান, চিলির কেলেঙ্কারিতে তিনি ‘নরকের দরজা’ দেখেছেন এবং পৌত্তলিক প্রলোভন তখন পূর্ণ শক্তিতে কাজ করছিল। পরবর্তী দুই মাসের লেখাতেও চার্চের জন্য এই ঘটনার ভয়াবহ লজ্জা ও অমঙ্গলের কথা তুলে ধরেন তিনি।
ডায়েরিতে ব্যক্তিগত ভয় ও আত্মসংশয়
‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ বইয়ে তার একান্ত ব্যক্তিগত ভাবনা, ভয়, আত্মসংশয়, স্বপ্ন ও প্রলোভনের বিষয়গুলো উঠে এসেছে। নিজের কঠোর সমালোচক ছিলেন ফ্রান্সিস। ডায়েরিতে নিজেকে মূল্যহীন মনে হওয়া এবং লজ্জাবোধের কথাও লিখেছেন তিনি। তবে গভীর হতাশার মধ্যেও ঈশ্বরের ওপর তার আস্থা অটুট ছিল।
বইটি সংকলন করেছেন কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ। তিনি ভ্যাটিকানের ধর্মমতবিষয়ক দপ্তরের প্রধান এবং ফ্রান্সিসের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ফার্নান্দেজ জানিয়েছেন, ফ্রান্সিস নিজেই ডায়েরিটি প্রকাশ করতে চেয়েছিলেন। লেখাগুলোর প্রেক্ষাপট ব্যাখ্যা করার কারণে বইটিতে সংকলক হিসেবে তার নাম রাখা হয়েছে।
জর্জ মারিও বার্গোগলিও নামে পরিচিত পোপ ফ্রান্সিস ১৯৯২ সালে বুয়েনস এইরেসের সহকারী বিশপ থাকার সময় চামড়ার বাঁধাই করা একটি ক্যালেন্ডারে ডায়েরি লেখা শুরু করেন। কার্ডিনাল ও পরে পোপ হওয়ার পরও তিনি নিয়মিত লিখেছেন। ২০২৪ সালের ১৮ আগস্ট পর্যন্ত ডায়েরিতে তার লেখার তথ্য পাওয়া যায়।
২০২১ ও ২০২২ সালের আধ্যাত্মিক সংকট
ফ্রান্সিসের বড় ধরনের আধ্যাত্মিক সংকটের সময় হিসেবে ডায়েরিতে ২০২১ সালের ২৪ জানুয়ারির কথা উঠে এসেছে। এর আগের দিন ভ্যাটিকান জানিয়েছিল, সায়াটিকার ব্যথার কারণে পোপ কয়েকটি অনুষ্ঠান বাতিল করেছেন। তবে ফার্নান্দেজের ভাষ্য অনুযায়ী, সেদিন ফ্রান্সিস অন্ত্রের সমস্যায় অসহনীয় ব্যথায় ভুগছিলেন। পরে ওই বছরের জুলাইয়ে অস্ত্রোপচারের মাধ্যমে তার কোলনের একটি অংশ অপসারণ করা হয়।
ওই সময় ভ্যাটিকানে বড় ধরনের আর্থিক তদন্তও চলছিল। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে ফ্রান্সিস তার একসময়ের ঘনিষ্ঠ সহযোগী কার্ডিনাল অ্যাঞ্জেলো বেচ্চিউকে বরখাস্ত করেন। ভ্যাটিকানের রাষ্ট্রীয় সচিবালয় দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে—এমন ধারণা থেকে তদন্ত শুরু হয়েছিল। পরে আদালত এ মামলায় বেচ্চিউসহ কয়েকজনকে দোষী সাব্যস্ত করেন। তবে দুর্নীতির ব্যাপক ষড়যন্ত্র নিয়ে কৌঁসুলিদের অভিযোগের বড় অংশ আদালতে প্রমাণিত হয়নি।
ফার্নান্দেজের ব্যাখ্যায়, ফ্রান্সিসের সংকটের সঙ্গে প্রশাসনিক জটিলতা, সিদ্ধান্ত নেওয়ার চাপ, আধ্যাত্মিক শূন্যতা ও হতাশা জড়িয়ে ছিল। ক্ষমতা প্রয়োগ, সর্বময় কর্তৃত্বের আকাঙ্ক্ষা এবং নিজেকে অন্যদের ঊর্ধ্বে ভাবার প্রবণতাও এই সংকটের অংশ ছিল বলে তিনি উল্লেখ করেন।
২০১৩ সালে পোপ হিসেবে দেওয়া প্রথম সাক্ষাৎকারেও ফ্রান্সিস ক্ষমতার ‘স্বৈরাচারী’ ব্যবহারের প্রবণতা নিয়ে কথা বলেছিলেন। তার ক্ষেত্রে এই প্রলোভনের অর্থ ছিল, একাই সবার সব সমস্যার সমাধান করতে পারবেন—এমন ধারণায় আটকে পড়া এবং নিজেকে ঈশ্বরের মতো ভাবা।
সংকট থেকে উত্তরণ
ফার্নান্দেজের মতে, ২০২২ সালের ৩০ ডিসেম্বরের মধ্যে ঈশ্বরের করুণার ওপর নিজেকে পুরোপুরি সমর্পণ করে সংকট কাটিয়ে ওঠেন ফ্রান্সিস। তিনি উপলব্ধি করেন, ২০২১ সালের ২৪ জানুয়ারির অভিজ্ঞতা ছিল ভেতরে জমে থাকা অন্ধকার থেকে মুক্ত হওয়ার জন্য ঈশ্বরের শক্তিশালী আহ্বান।
ফার্নান্দেজ মনে করেন, ফ্রান্সিসের জীবনের শেষ দুটি গুরুত্বপূর্ণ ধর্মীয় শিক্ষামূলক দলিল তৈরির পেছনেও এই সংকটের প্রভাব ছিল। ২০২৩ সালে ঈশ্বরের করুণাময় ভালোবাসার ওপর আস্থা এবং ২০২৪ সালে খ্রিষ্টের মানবিক ও ঐশী ভালোবাসা নিয়ে তিনি দুটি দলিল লেখেন।
ডায়েরির কিছু অংশ প্রকাশ করা হয়নি
ফার্নান্দেজ জানিয়েছেন, ফ্রান্সিস তার সবচেয়ে গোপন ভাবনাগুলো সাংকেতিক ভাষায় লিখতেন। সেসব অংশ বইয়ে প্রকাশ করা হয়নি। পাশাপাশি তৃতীয় কোনো ব্যক্তির ক্ষতি হতে পারে—এমন লেখাও বাদ দিয়েছেন তিনি।
তবে তৎকালীন কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট, যিনি বর্তমানে পোপ চতুর্দশ লিও, তার সম্পর্কে ফ্রান্সিসের প্রশংসামূলক মন্তব্য বইয়ে রাখা হয়েছে। তাকে মহান ধর্মযাজক, উদার মিশনারি ও নিষ্কলঙ্ক মানুষ হিসেবে বর্ণনা করেছিলেন ফ্রান্সিস।
২০২৫ সালের ২১ এপ্রিল মৃত্যুর আগে ফ্রান্সিস ডায়েরিটি ফার্নান্দেজকে দেখিয়ে প্রকাশের ইচ্ছা জানিয়েছিলেন। পরে ফার্নান্দেজ পোপ লিও নির্বাচিত হওয়ার পর বিষয়টি তাকে জানান। পোপ লিও আগ্রহ দেখিয়ে লেখাগুলো গবেষণার জন্য তার কাছে পাঠান।
পোপদের মৃত্যুর পর ব্যক্তিগত লেখা প্রকাশের ঘটনা অবশ্য নতুন নয়। ১৯৬০ সালে পোপ জন তেইশতমের আত্মজীবনী এবং ২০১৪ সালে পোপ জন পল দ্বিতীয়ের ব্যক্তিগত নোটও প্রকাশিত হয়েছিল।








