ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের আগেই চালকবিহীন বিমান আনছে যুক্তরাষ্ট্র

ষষ্ঠ প্রজন্মের এফ/এ-এক্সএক্স যুদ্ধবিমান পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই চালকবিহীন যুদ্ধবিমান বহরে যুক্ত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ‘কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট’ বা সিসিএ নামে পরিচিত এসব উড়োজাহাজ চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সঙ্গে সমন্বয় করে পরিচালনার পরিকল্পনা করছে দেশটি।
বিজ্ঞাপন
মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি উইলিয়াম টোটি সিনেটের এক শুনানিতে এ পরিকল্পনার কথা জানিয়েছেন।
পরিকল্পনা অনুযায়ী, তুলনামূলক কম খরচে তৈরি করা হবে সিসিএ প্রযুক্তির চালকবিহীন যুদ্ধবিমান। যুদ্ধক্ষেত্রে এগুলো হারানোর ঝুঁকি বিবেচনায় রেখেই নকশা করা হচ্ছে। বিমানবাহী রণতরির যুদ্ধক্ষমতা বাড়ানো, অভিযানের পরিধি বিস্তৃত করা এবং চালকসহ যুদ্ধবিমানকে বিভিন্ন সামরিক অভিযানে সহায়তা করাই হবে এসব উড়োজাহাজের অন্যতম কাজ।
বর্তমানে পশ্চিমা বিশ্বে দুটি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির কাজ চলছে। এর একটি মার্কিন নৌবাহিনীর এফ/এ-এক্সএক্স এবং অন্যটি মার্কিন বিমানবাহিনীর এফ-৪৭। এফ/এ-এক্সএক্স এমনভাবে তৈরির পরিকল্পনা রয়েছে, যাতে এটি একসঙ্গে একাধিক চালকবিহীন যুদ্ধবিমান নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে পারে।
২০২৫ সালে ভবিষ্যতের বিমানবাহী রণতরিতে ব্যবহারের উপযোগী চালকবিহীন যুদ্ধবিমানের নকশা তৈরির জন্য অ্যান্ডুরিল, বোয়িং, জেনারেল অ্যাটমিকস ও নর্থরপ গ্রুম্যানকে যুক্ত করে মার্কিন নৌবাহিনী। পাশাপাশি এসব উড়োজাহাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থাও গড়ে তোলা হচ্ছে।
বিমানবাহী রণতরিতে ব্যবহারের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের প্রথম স্থির-পাখার চালকবিহীন উড়োজাহাজ হলো এমকিউ-২৫ স্টিংরে। তবে এটি মূলত আকাশে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহারের জন্য তৈরি। ফলে যুদ্ধ পরিচালনার উদ্দেশ্যে পরিকল্পিত সিসিএ প্রযুক্তির সঙ্গে এর মৌলিক পার্থক্য রয়েছে।
চালকবিহীন উড়োজাহাজ পরিচালনায় নৌবাহিনী, বিমানবাহিনী ও মেরিন কোরের মধ্যে প্রযুক্তিগত সামঞ্জস্য তৈরির উদ্যোগও নিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে এক বাহিনীর চালকসহ যুদ্ধবিমান অন্য বাহিনীর চালকবিহীন যুদ্ধবিমানও নিয়ন্ত্রণ করতে পারবে।
এদিকে গত সেপ্টেম্বরে এফ/এ-এক্সএক্স যুদ্ধবিমান তৈরির প্রতিযোগিতায় জয়ী হয় বোয়িং। এর আগে অর্থ বরাদ্দ নিয়ে উদ্বেগ এবং বিমানবাহিনীর এফ-৪৭ প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতার কারণে কর্মসূচিটির কাজ স্থগিত ছিল। পরে মার্কিন কংগ্রেসের হস্তক্ষেপে প্রকল্পটি আবারও এগিয়ে নেওয়া হয়। তবে বাস্তবায়নের সময়সূচি ও উৎপাদন সক্ষমতা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
মার্কিন নৌবাহিনীর কর্মকর্তাদের আশা, ২০৩০-এর দশকের মাঝামাঝি সময়ে এফ/এ-এক্সএক্স যুদ্ধবিমানটি কার্যক্রমে যুক্ত করা সম্ভব হবে। তবে দেশটির প্রতিরক্ষা খাতের বড় প্রকল্পগুলোতে অতীতে দীর্ঘসূত্রতার নজির থাকায় নির্ধারিত সময়ে এটি বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে চীন তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করার পর যুক্তরাষ্ট্রের এফ/এ-এক্সএক্স ও এফ-৪৭ প্রকল্পের গুরুত্ব আরও বেড়েছে। চীন এ ধরনের যুদ্ধবিমানের উড্ডয়ন পরীক্ষা শুরু করলেও যুক্তরাষ্ট্রের দুটি প্রকল্পের কোনোটিই এখনো প্রোটোটাইপের পরীক্ষামূলক উড্ডয়ন পর্যায়ে পৌঁছায়নি।
এ পরিস্থিতিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পাশাপাশি চালকবিহীন যুদ্ধবিমান বহরে যুক্ত করে সামরিক সক্ষমতা বাড়ানোর কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র।








