Logo

বাড়ির ছাঁদে মেসির ৩৫ ফুট লম্বা ছবি আঁকলেন তরুন ভক্ত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন, ২০২৬, ১৭:০৫
বাড়ির ছাঁদে মেসির ৩৫ ফুট লম্বা ছবি আঁকলেন তরুন ভক্ত
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপকে ঘিরে সারা বিশ্বের মতো কলকাতাসহ পশ্চিমবঙ্গেও ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। আর্জেন্টিনার সমর্থকেরা নিজেদের ভালোবাসা প্রকাশে নানা উদ্যোগ নিচ্ছেন। কেউ বাড়ি সাজাচ্ছেন নীল-সাদা রঙে, আবার কেউ প্রিয় ফুটবলারের প্রতিকৃতি এঁকে জানাচ্ছেন সমর্থন। এবার সেই তালিকায় ব্যতিক্রমী এক নজির গড়েছেন পশ্চিমবঙ্গের হাওড়ার তরুণ শিল্পী প্রীতম ব্যানার্জি।

বিজ্ঞাপন

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ধারাবাহিক জয়ের পর নিজের বাড়ির ছাদে ৩৫ ফুট লম্বা ও ২০ ফুট চওড়া বিশাল আকারের লিওনেল মেসির প্রতিকৃতি এঁকেছেন তিনি। কাপড়ের ওপর আবহাওয়া-সহনশীল রং ব্যবহার করে প্রায় ১৪ দিন ধরে পরিশ্রম করে ছবিটি সম্পন্ন করেন প্রীতম। তার বিশ্বাস, এবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা এবং আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতবেন লিওনেল মেসি।

প্রীতম বলেন, আমি মেসির ভক্ত। আগের বিশ্বকাপে মেসি জিতেছিল। আমার ভালো লাগে আমার প্রিয় খেলোয়াড় এবং সিনেমার নায়কদের ছবি এঁকে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে। এখন মেসি ভালো খেলছে তাই আমার মনে হলো এ ধরনের একটি কাজ করি। তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতেই এমন উদ্যোগ।

বিজ্ঞাপন

প্রীতম আরও বলেন, যখন এই কাজ করছিলাম তখন কেউ বুঝতে পারছিল না কি বানাচ্ছি কেন বানাচ্ছি। তারপর পুরোপুরি ছবিটা আঁকার পর সবাই খুশি বিশেষ করে মেসির ফ্যান যারা তারা বেশি খুশি। প্রায় দু সপ্তাহ ধরে চেষ্টার পর এই ছবিটি আঁকা সম্ভব হয়েছে।

প্রীতমের বাবাও ছেলের এই কাজে ভীষণ খুশি। প্রীতমের বাবা চন্দন ব্যানার্জি বলেন, ছোট থেকেই ওর ছবি আকার নেশা। তারপর থেকেই দেখি প্রিন্টিং এর প্রতি তার ভীষণ টান। এমনিতেই সে মেসির ভক্ত। তারপর যখন আমাদের সঙ্গে আলোচনা করে আমরা রাজি হয়ে যাই। উপর দিয়ে দেখলাম বেশ ভালই লাগছে ছবিটি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD