এবার সৌদির জাজান বন্দর লক্ষ্য করে হুথিদের হামলা

সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জাজান বন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বুধবার (২৫ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি সীমিত থাকলেও কোনো বেসামরিক মানুষ হতাহত হননি বলে দাবি করেছে জোট।
বিজ্ঞাপন
সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, হুথিদের ছোড়া একটি বস্তু জাজান বন্দরে আঘাত হেনেছে। তবে সেটি ক্ষেপণাস্ত্র নাকি ড্রোন, তা নিশ্চিত করেননি তিনি। হামলায় ‘স্বল্প ক্ষতি এবং কোনো বেসামরিক মানুষ হতাহত’ হননি বলেও জানান তিনি। হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে সৌদি আরবের লোহিত সাগর উপকূলের সব বন্দরে হামলার হুমকি দিয়েছিল হুথিরা। পাশাপাশি বন্দরগুলো খালি করে দেওয়ার আহ্বান জানায় তারা। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলার হুমকি দেওয়ার পর পাল্টা এই সতর্কবার্তা দেয় ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি।
হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে জেদ্দাসহ অন্যান্য বন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের পাশাপাশি আশপাশের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিপিং কোম্পানিগুলোকে তাদের জাহাজ সরিয়ে নেওয়ার কথাও বলেন তিনি।
ইয়েমেনের লোহিত সাগর উপকূলে অবস্থিত হোদেইদা দেশটির অন্যতম প্রধান বন্দর। এই বন্দরের মাধ্যমে হুথি-নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশ করে। দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য আমদানির গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হচ্ছে বন্দরটি।
আমদানিকৃত খাদ্যের ওপর নির্ভরশীল ইয়েমেনের লাখ লাখ মানুষের জন্য হোদেইদা বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির মানুষের খাদ্য ও প্রয়োজনীয় পণ্য সরবরাহে বন্দরটি দীর্ঘদিন ধরে লাইফলাইন হিসেবে কাজ করছে।
সূত্র: আলজাজিরা।








