Logo

ইউরোপে ভয়াবহ দাবদাহ, একের পর এক তাপমাত্রার রেকর্ড

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন, ২০২৬, ১২:৫৪
ইউরোপে ভয়াবহ দাবদাহ, একের পর এক তাপমাত্রার রেকর্ড
ছবি: সংগৃহীত

পশ্চিম ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেনে নতুন তাপমাত্রার রেকর্ড গড়েছে। বিশেষ করে ফ্রান্সে ইতিহাসের সর্বোচ্চ গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সময়ে যুক্তরাজ্যে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা এবং স্পেনে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ জুনের গড় তাপমাত্রা নথিভুক্ত হয়েছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তাপপ্রবাহের কারণে অঞ্চলজুড়ে কোটি কোটি মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসে তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ইউরোপের বিস্তীর্ণ এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা।

ফ্রান্সের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বুধবার দেশটিতে দিন ও রাত মিলিয়ে গড় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ১৯৪৭ সালে রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর এটিই সর্বোচ্চ গড় তাপমাত্রা। দেশটির অর্ধেকেরও বেশি অঞ্চলে এখনও চরম তাপপ্রবাহ সতর্কতা বহাল রয়েছে। অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের কারণে পশ্চিমাঞ্চলের হাজারো বাড়িতে বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবার থেকে ফ্রান্সে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে তাপপ্রবাহ ইতোমধ্যে পশ্চিম ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে।

যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের গোসপোর্ট এলাকায় বুধবার তাপমাত্রা ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা জুন মাসের নতুন রেকর্ড। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার দেশটির দৈনিক গড় তাপমাত্রা ছিল যথাক্রমে ২৮ দশমিক ০৮ এবং ২৮ দশমিক ১৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯৫০ সালের পর জুন মাসে এটিই সর্বোচ্চ গড় তাপমাত্রা। দেশটির কয়েকটি অঞ্চলে এখনও সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ইতালির ১৬টি শহরেও চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, সপ্তাহের শেষ দিকে জার্মানি, নেদারল্যান্ডস ও বেলজিয়ামেও নতুন তাপমাত্রার রেকর্ড সৃষ্টি হতে পারে। পাশাপাশি পোল্যান্ড, ক্রোয়েশিয়া ও হাঙ্গেরিতেও দাবদাহের প্রভাব ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

নেদারল্যান্ডসের আবহাওয়া কর্তৃপক্ষ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে। সেখানে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। একই ধরনের সতর্কতা জারি হয়েছে বেলজিয়ামের বেশিরভাগ এলাকাতেও, যেখানে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি, সিএনএন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD