ইউরোপজুড়ে তীব্র দাবদাহ, জনসমাগমে নিষেধাজ্ঞা

ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জুন মাসের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডস। তীব্র গরমে স্পেন ও ফ্রান্সে মৃত্যুর ঘটনাও বাড়ছে। পরিস্থিতির অবনতির কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিভিন্ন দেশে কনসার্ট, ক্রীড়া প্রতিযোগিতা ও বড় জনসমাগমের অনুষ্ঠান বাতিল করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
শনিবার (২৭ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সারব্রুকেন শহরে সর্বোচ্চ ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফ্রান্স সীমান্তবর্তী এই শহরে চলতি সপ্তাহে টানা তিনবার জুন মাসের নতুন তাপমাত্রার রেকর্ড সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: ভয়াবহ ভূমিকম্পে আবারও কাঁপল ভেনেজুয়েলা
বিজ্ঞাপন
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট বলেছেন, তীব্র গরমে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। অন্যদিকে বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মুখপাত্র ক্লেয়ার নুলিস সতর্ক করে বলেছেন, এই দাবদাহ মানুষের স্বাস্থ্য, কৃষি, পরিবেশ ও কর্মক্ষমতার ওপর মারাত্মক প্রভাব ফেলছে। তার মতে, ভবিষ্যতে এমন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে হবে।
দাবদাহের বিস্তার এখন ইউরোপের উত্তর ও পূর্বাঞ্চলের দিকেও ছড়িয়ে পড়ছে। বেলজিয়ামের আবহাওয়াবিদ ডেভিড ডিহানাউ জানিয়েছেন, নেদারল্যান্ডস সীমান্তের ক্লাইন ব্রোগেলে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। একই সময়ে নেদারল্যান্ডসের লিম্বুর্গে তাপমাত্রা উঠেছে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। যুক্তরাজ্যের সাফোকের ক্যাভেন্ডিশেও জুন মাসের সর্বোচ্চ ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, শুক্রবার ইউরোপের অন্তত ১৫ কোটি মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখোমুখি হয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, শনিবার অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে ২০১২ সালের রেকর্ডও ভেঙে যেতে পারে।
বিজ্ঞাপন
‘ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন’-এর বিজ্ঞানীদের মতে, শক্তিশালী উচ্চচাপ বলয়ের কারণে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন ও দক্ষিণ ইংল্যান্ডে স্বাভাবিকের তুলনায় ৫ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা বিরাজ করছে। তাদের ভাষ্য, রেকর্ডকৃত ইতিহাসে এটি জুন মাসের সবচেয়ে ভয়াবহ দাবদাহগুলোর একটি।
ফ্রান্সের রাজধানী প্যারিসে হাসপাতালগুলোতে তাপজনিত অসুস্থ রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ অবস্থায় স্থানীয় প্রশাসন অসুস্থ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তার কথা বিবেচনা করে বড় দুটি জনসমাগমের অনুষ্ঠান বাতিল করেছে। এর মধ্যে ‘প্যারিস প্রাইড’ মার্চ সেপ্টেম্বরে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি জনপ্রিয় ‘সলিডেস’ মিউজিক ফেস্টিভ্যালও স্থগিত করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে নেদারল্যান্ডসে ‘রেড অ্যালার্ট’ জারির পর ‘ডেফকন.১’ মিউজিক ফেস্টিভ্যাল বন্ধ করে দেওয়া হয়েছে। একই কারণে জার্মানিতেও হামবুর্গ হাফ ম্যারাথনসহ বেশ কয়েকটি বড় আয়োজন বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি








