Logo

ভয়াবহ ভূমিকম্পে আবারও কাঁপল ভেনেজুয়েলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন, ২০২৬, ১২:০৬
ভয়াবহ ভূমিকম্পে আবারও কাঁপল ভেনেজুয়েলা
ছবি: সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে ভেনেজুয়েলার উত্তর উপকূল। শুক্রবার দেশটিতে ৪ দশমিক ৯ মাত্রার নতুন একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৭ জুন) প্রকাশিত আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, গত বুধবারের পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেই নতুন এই কম্পন অনুভূত হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইএমএসসি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহর থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

বিজ্ঞাপন

নতুন এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মারাকাইয়ের পাশাপাশি রাজধানী কারাকাসেও কম্পন অনুভূত হয়েছে।

এর আগে বুধবার ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) সতর্ক করে জানিয়েছে, প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

ভেনেজুয়েলা সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন। এখনও ১৭২ জনের বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন এবং নিখোঁজের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের কয়েকটি এলাকায় জনসাধারণের প্রবেশ সাময়িকভাবে সীমিত করা হবে।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD