Logo

ইউরোপে তীব্র তাপপ্রবাহে তিন দেশে ৩ হাজার ৭০০ বেশি মৃত্যু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ জুলাই, ২০২৬, ০৯:২৬
ইউরোপে তীব্র তাপপ্রবাহে তিন দেশে ৩ হাজার ৭০০ বেশি মৃত্যু
ছবি: সংগৃহীত

ইউরোপজুড়ে জুন মাসে টানা আট দিনের ভয়াবহ তাপপ্রবাহে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে মোট প্রায় ৩ হাজার ৭০০ অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। তিন দেশের সরকারি তথ্যের ভিত্তিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত ইউরোপের বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা বিরাজ করে। ইউরোপের স্বাভাবিক জলবায়ুর তুলনায় এই তাপমাত্রা ছিল অনেক বেশি, যার প্রভাবে বিদ্যুতের চাহিদা হঠাৎ করেই বেড়ে যায়। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন, অবকাঠামোর ক্ষয়ক্ষতি এবং স্বাস্থ্যসেবার ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়।

জলবায়ু ও আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক এই তাপপ্রবাহ ইউরোপে এ পর্যন্ত নথিভুক্ত সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি। তাদের ধারণা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ ধরনের চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, অতিরিক্ত মৃত্যুর শিকার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতা বা দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ছিলেন। বিশেষজ্ঞদের অভিমত, এই তীব্র তাপপ্রবাহ না হলে তাদের অনেকেই হয়তো আরও কিছুদিন বেঁচে থাকতে পারতেন।

সবচেয়ে বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট শুক্রবার টেলিভিশনে দেওয়া বক্তব্যে জানান, আট দিনের তাপপ্রবাহে ফ্রান্সে অতিরিক্ত ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, বিশেষ করে ৪৫ বছরের বেশি বয়সী মানুষের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

স্টেফানি রিস্ট আরও বলেন, সরকারের হাতে থাকা তথ্যের চেয়ে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে তাদের ধারণা।

বিজ্ঞাপন

অন্যদিকে, বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত ১১ দিনে দেশটিতে অতিরিক্ত ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৫৩০ জনের বয়স ছিল ৮৫ বছর বা তার বেশি। এছাড়া ১৮০ জনের বয়স ৬৫ বছরের নিচে এবং বাকি সবাই ছিলেন ৬৫ বছরের ঊর্ধ্বে।

এক বিবৃতিতে বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ ধরনের অতিরিক্ত মৃত্যুর ঘটনা দেশটির জন্য নজিরবিহীন। এর আগে কোনো গ্রীষ্ম মৌসুমে এত মানুষের অতিরিক্ত মৃত্যু রেকর্ড হয়নি।

বিজ্ঞাপন

নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যেও একই ধরনের চিত্র উঠে এসেছে। দেশটিতে জুনের আট দিনের তাপপ্রবাহে অতিরিক্ত ৪৮০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশের বয়স ছিল ৮০ বছরের বেশি।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি অব্যাহত থাকলে ভবিষ্যতে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে এমন চরম তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং তীব্র আকারে দেখা দিতে পারে। তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

সূত্র: রয়টার্স

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD