বাবার জানাজায় থাকবেন না আয়াতুল্লাহ মোজতোবা খামেনি

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নেবেন না তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ইসরায়েলের সম্ভাব্য গুপ্তহত্যার হুমকির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত মোজতবা খামেনির প্রতিনিধি।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের প্রথম দিনেই বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তার রাষ্ট্রীয় শেষকৃত্যের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
এদিকে জানাজার প্রস্তুতির মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আব্দুল্লাহি বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলা বা আগ্রাসনের চেষ্টা হলে সশস্ত্র বাহিনী কঠোর জবাব দেবে। তিনি বিশেষভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ভুল সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ গণসমাবেশে পরিণত হতে পারে। আয়োজকরা আশা করছেন, এ আয়োজন ১৯৮৯ সালে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার উপস্থিতিকেও ছাড়িয়ে যাবে। সে সময় প্রায় এক কোটি মানুষ শেষ শ্রদ্ধা জানাতে অংশ নিয়েছিলেন।
সূত্র: আল-জাজিরা








