কলকাতা হোটেলে আগুন, আজ দেশে ফিরছে ছয় বাংলাদেশির মরদেহ

কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ শনিবার (২২ আগস্ট) দেশে আনা হচ্ছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন।
বিজ্ঞাপন
উপহাইকমিশন জানিয়েছে, নিহত অপর বাংলাদেশি নাগরিক রেবতী সরকারের মরদেহ পরিবারের আবেদনের পর কলকাতাতেই সৎকার করা হবে।
মরদেহ সংরক্ষণ থেকে শুরু করে দেশে পাঠানো পর্যন্ত সংশ্লিষ্ট সব ব্যয় বাংলাদেশ উপহাইকমিশন বহন করছে। এ কারণে শুক্রবার রাতে ছয়জনের মরদেহ কলকাতার পার্ক সার্কাস এলাকার পিস ওয়ার্ল্ড হিমঘরে রাখা হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, আফসানা শারমীন, তাদের সন্তান শর্ণশীষ দত্ত এবং মো. আকরাম আলীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
এ ছাড়া সাভারের আহামেদ বাবু ও সাতক্ষীরার এস এম আলিমুজ্জামানের মরদেহও ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
মরদেহ গ্রহণের পর পরিবারের সদস্যরা সেগুলো নিয়ে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে যান। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শুক্রবার রাতেই বাংলাদেশ মিশন ও ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) সংগ্রহ করা হয়।
বাংলাদেশের উপহাইকমিশন জানিয়েছে, ময়নাতদন্ত, সরকারি অনুমোদন এবং মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করা হয়েছে। সব প্রক্রিয়া শেষ করে ছয়জনের মরদেহ শনিবার দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।








