Logo

নেপালের ভয়াবহ বন্যায় ৯৭ বছরের বৃদ্ধার বেঁচে ফেরা যেন এক নতুন আশা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬, ১৩:২৭
নেপালের ভয়াবহ বন্যায় ৯৭ বছরের বৃদ্ধার বেঁচে ফেরা যেন এক নতুন আশা
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েও জীবিত উদ্ধার হয়েছেন ৯৭ বছর বয়সী গুণ মায়া বোহারা। দীর্ঘ সময় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর জীবিত উদ্ধার হওয়া এই বৃদ্ধা এখন দেশটির মানুষের কাছে আশার প্রতীক হয়ে উঠেছেন। একই সঙ্গে ভয়াবহ বন্যার নতুন মুখ হিসেবেও তাকে দেখছেন অনেকে।

বিজ্ঞাপন

রবিবার (৩০ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, চার ঘণ্টার দীর্ঘ চেষ্টার পর পুলিশ ও নেপাল সেনাবাহিনীর সদস্যরা গুণ মায়া বোহরাকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করেন। পরে একটি খননযন্ত্রের বাকেটের ভেতরে বসিয়ে তাকে নিরাপদে বাইরে নিয়ে আসা হয়।

বিবিসি নেপালি জানিয়েছে, একটি বৃদ্ধাশ্রম ধসে পড়ার পর গুণ মায়া বোহারা সেটির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন। খবর পেয়ে কাঠমান্ডু থেকে সেখানে ছুটে আসেন তার নাতি দীপক বোহারা। উদ্ধার হওয়ার পর দাদিকে দেখে তিনি বলেন, দীর্ঘ লড়াই শেষে যুদ্ধ জয় করে ফিরে আসা ‘এক যোদ্ধার’ মতোই তাকে মনে হচ্ছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কাদামাখা পোশাকে খননযন্ত্রের বাকেটে করে ৯৭ বছর বয়সী গুণ মায়া বোহরাকে বের করে আনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ধ্বংসস্তূপের নিচে এত দীর্ঘ সময় তিনি কীভাবে বেঁচে ছিলেন, সে বিষয়ে তিনি নিজেও কিছু বলতে পারছেন না বলে দ্য টাইমসের বরাতে ল্য পারিসিয়েন জানিয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে রসুয়া জেলায় হিমবাহ ধসে ভোটেকোশী নদীতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত অন্তত ৬৭৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৩০০ জনেরও বেশি ভারতীয় নাগরিকসহ প্রায় ৩ হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। এরই মধ্যে দেশটির আবহাওয়া বিভাগ নতুন করে বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করায় উদ্ধারকাজ আরও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, ভয়াবহ এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির পর পুনর্গঠন কার্যক্রম পরিচালনার জন্য দেশটির ৪ থেকে ৫ বিলিয়ন ডলারের প্রয়োজন হবে। এই অর্থের পরিমাণ নেপালের পুরো অর্থনীতির প্রায় দশ ভাগের এক ভাগের সমান।

ভয়াবহ বন্যার ধ্বংসযজ্ঞের মধ্যেও ৯৭ বছর বয়সী গুণ মায়া বোহরার জীবিত ফিরে আসার ঘটনা নেপালজুড়ে আশার সঞ্চার করেছে। ধ্বংসস্তূপের নিচে দীর্ঘ সময় আটকে থেকেও তার বেঁচে থাকা এবং উদ্ধার হওয়ার ঘটনা এখন দেশটির মানুষের কাছে সাহস, লড়াই ও আশার এক অনন্য প্রতীক হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD