Logo

মুষলধারে বৃষ্টিতে পাকিস্তানে ভয়াবহ পরিস্থিতি, স্কুল বন্ধ ঘোষণা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৪৬
মুষলধারে বৃষ্টিতে পাকিস্তানে ভয়াবহ পরিস্থিতি, স্কুল বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

মুষলধারে বৃষ্টিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং পাশের শহর রাওয়ালপিন্ডির বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে টানা ভারী বৃষ্টির কারণে শহর দুটির নিচু এলাকাগুলোতে পানি জমে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় রাওয়ালপিন্ডির সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

এদিকে বৃষ্টির কারণে সৃষ্ট পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লেহ নুল্লা খালের পানির উচ্চতা কাটারিয়ানে ২৯ ফুট এবং গাওয়ালমান্ডিতে ২৩ দশমিক ৫ ফুটে পৌঁছেছে। খালটির অববাহিকায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাতের পর কাটারিয়ান ও গাওয়ালমান্ডি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করা হয়।

২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি

বিজ্ঞাপন

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত সাইদপুরে ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে গোলরায় বৃষ্টি হয়েছে ১৫৭ মিলিমিটার।

এ ছাড়া বোকরায় ৭২ মিলিমিটার এবং এইচ-৮/২ এলাকায় আবহাওয়া অধিদপ্তরের কার্যালয়ের কাছে ১৫৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।-

অন্যদিকে কাচেরিতে ৭৪ মিলিমিটার, শামসাবাদে ২০১ মিলিমিটার, পির ওয়াধাইয়ে ৮৬ মিলিমিটার এবং নিউ কাটারিয়ানে ১৮৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে এসব এলাকার নিচু অংশে পানি দ্রুত বাড়তে শুরু করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

চলছে উদ্ধার অভিযান

ভারী বৃষ্টির পর রাওয়ালপিন্ডির বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২। মঙ্গলবার দুপুরে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত ৬০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিভিন্ন এলাকার বাসিন্দারা ঘরের ভেতরে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।

শহরটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে জেলা প্রশাসন। নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার।

রাওয়াল বাঁধের স্পিলওয়ে খোলার সিদ্ধান্ত

বিজ্ঞাপন

ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন জানিয়েছেন, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে রাওয়াল বাঁধের পানির উচ্চতা নির্ধারিত সীমা অতিক্রম করেছে। এ অবস্থায় দুপুর ২টায় বাঁধের স্পিলওয়ে খুলে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় নাগরিকদের নালা, খাল ও পানি প্রবাহের পথের আশপাশে না যাওয়ার জন্য সতর্ক করেছেন তিনি। পানি বাড়তে থাকায় এসব স্থানের কাছাকাছি গেলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।

সড়কে যান চলাচল ব্যাহত

বিজ্ঞাপন

বৃষ্টির কারণে ইসলামাবাদের বিভিন্ন সড়কে যান চলাচলও ব্যাহত হয়েছে। ট্রাফিক পুলিশ গাড়িচালকদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হতে বলেছে।

গাড়ির গতি কমানো এবং অন্য গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দৃষ্টিসীমা কমে গেলে ফগ লাইট ব্যবহারের পাশাপাশি নির্ধারিত লেন ধরে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

সাংবাদিক হামিদ মীর সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যার একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে পানিতে তলিয়ে থাকা গাড়ি দেখা যায়।

বিজ্ঞাপন

তিনি জানান, ইসলামাবাদ এক্সপ্রেসওয়ের কয়েকটি অংশ বৃষ্টির পানিতে ডুবে গেছে এবং বেশ কয়েকটি গাড়ি আটকা পড়েছে।

সাবেক জলবায়ুমন্ত্রী শেরি রহমানও একটি ভিডিও প্রকাশ করেছেন। তাতে দেখা যায়, বন্যার পানিতে কয়েকটি গাড়ি প্রায় অর্ধেক পর্যন্ত ডুবে আছে।

তিনি বলেন, সোমবার রাত থেকে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে বৃষ্টি শহর দুটিকে বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

সোমবারও রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে বৃষ্টি হয়েছিল। বিকেলে প্রায় দুই ঘণ্টা ধরে বিরতি দিয়ে বৃষ্টি হয়। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়।

এর আগে গত সপ্তাহে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর দেশের উত্তরাঞ্চলে ৫ সেপ্টেম্বর পর্যন্ত আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল।

সংস্থাটি সতর্ক করে জানিয়েছিল, ভারী বৃষ্টির কারণে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির পাশাপাশি মারদান, সোয়াবি, গুজরানওয়ালা, গুজরাট, শিয়ালকোট ও লাহোরের নিচু এলাকাগুলোতে নগর বন্যা দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

সূত্র: ডন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD