Logo

হুথিদের দুই ঘাঁটির নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি সেনাবাহিনী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৬
হুথিদের দুই ঘাঁটির নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর কাছ থেকে দুটি কৌশলগত এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের তথ্য মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি ফায়াদ আল-নুমান তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার আনাদোলুকে দেওয়া বক্তব্যে আল-নুমান বলেন, তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলা ও লাহজ প্রদেশের আল-সুবাইহা এলাকার মধ্যবর্তী আল-আঘবারা রণাঙ্গনে হুথি যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘাতের পর আল-বাজলা পর্বত ও মাদখুলা এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ইয়েমেনি সেনাবাহিনী।

তার দাবি, সংঘর্ষের সময় সরকারি বাহিনী হুথিদের জনবল, সরঞ্জাম ও তাদের সহায়তাকারী শক্তিবর্ধক বাহিনীর ওপর হামলা চালিয়েছে।

আল-নুমান আরও জানান, তাইজের পশ্চিমাঞ্চলে আল-ওয়াজিয়াহ জেলার আল-দারিফা এলাকার আল-হারথা গ্রামে হুথিদের আরও কয়েকটি অবস্থান ও সামরিক যানবাহন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

গণমাধ্যমের প্রতিবেদনে আল-আঘবারা এলাকাকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। লাহজ ও তাইজ প্রদেশের মধ্যবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় এ অঞ্চলটি দুই প্রদেশের বিভিন্ন সামরিক অবস্থানের মধ্যে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে দুই ঘাঁটির নিয়ন্ত্রণ হারানোর বিষয়ে হুথি গোষ্ঠীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ইয়েমেনে ২০১৪ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর হুথিরা রাজধানী সানা দখল করে। পরের বছর সৌদি আরবের নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে সৌদি-সমর্থিত বাহিনী এবং হুথিদের মধ্যে সংঘাত এরপরও অব্যাহত রয়েছে।

বর্তমানে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে হুথি ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থক বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে। সাম্প্রতিক সময়ে হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সরকারি বাহিনীর সামরিক তৎপরতাও বেড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD