হুথি নিয়ন্ত্রিত এলাকায় একদিনে ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি

ইয়েমেনের হুথি গোষ্ঠী নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি আরব। হুথি নেতাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
বিজ্ঞাপন
গত ৮ সেপ্টেম্বর থেকে ইয়েমেনে বিমান অভিযান শুরু করে সৌদি আরব। ইরানের মদতপুষ্ট এই ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর নেতাদের দাবি, গত কয়েক দিনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা এবং তাদের সামরিক ও লজিস্টিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে সৌদি আরবের বিমান অভিযান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হুথি নেতারা আরও জানিয়েছেন, গত ১১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনে সৌদি বিমান বাহিনী প্রায় ৩০০টি অভিযান পরিচালনা করেছে।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর বুধবার সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে হুথি বাহিনী। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত যুদ্ধবিমানটির একটি ভিডিও প্রকাশ করে গোষ্ঠীটি। ওই ভিডিওতে দেখা যায়, ভূপাতিত সৌদি যুদ্ধবিমানটির চারপাশে হুথি যোদ্ধারা জড়ো হয়েছেন। এ সময় তাদের সবাইকে উচ্চকণ্ঠে একসঙ্গে ‘আল্লাহু আকবার’ বলতে শোনা যায়।
আগস্টের শেষ সপ্তাহ থেকে হুথি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এরই মধ্যে হুথিদের কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের জ্বালানি খাতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। এর পর গত ১১ সেপ্টেম্বর রাতে লোহিত সাগর ও এডেন সাগরকে সংযুক্তকারী বাব এল মান্দেব প্রণালি দখলের দাবি করে হুথি যোদ্ধারা। বিষয়টি সৌদি আরবের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
কারণ, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৌদি আরব এত দিন বাব এল মান্দেব প্রণালি ব্যবহার করে নিজেদের অধিকাংশ জ্বালানি তেল রপ্তানি করে আসছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে হুথিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি সৌদি আরবের জ্বালানি রপ্তানি ব্যবস্থায় নতুন চাপ তৈরি করতে পারে।
হুথিরা যায়িদি শিয়াপন্থি মুসলিম এবং তাদের আদি বাসস্থান ইয়েমেনের উত্তরাঞ্চলে। ২০১৫ সাল থেকে উত্তর ইয়েমেনের নিয়ন্ত্রণ ধরে রাখা হুথি গোষ্ঠী পুরো ইয়েমেনের দখল নিতে চায়। আর এই লক্ষ্য অর্জনের পথে তাদের সামনে সবচেয়ে বড় বাধা হিসেবে রয়েছে সৌদি আরব এবং সৌদি সমর্থিত ইয়েমেনি সেনাবাহিনী।
বিজ্ঞাপন
সৌদি আরব ও হুথিদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইয়েমেনের বিভিন্ন এলাকায় বিমান অভিযান ও পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে। হুথি নেতাদের দেওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, মাত্র ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালানো হয়েছে। পাশাপাশি সাত দিনে প্রায় ৩০০টি অভিযান পরিচালনার দাবিও করেছে গোষ্ঠীটি।
সূত্র : এএফপি








