Logo

রিয়াদে ভোরে দুটি বিস্ফোরণের শব্দ, বিমান হামলার সতর্কতা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৩০
রিয়াদে ভোরে দুটি বিস্ফোরণের শব্দ, বিমান হামলার সতর্কতা
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার ভোরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর কিছুক্ষণ আগে রাজধানীসহ দেশটির কয়েকটি এলাকায় সম্ভাব্য আকাশপথের হামলার সতর্কতা জারি করেছিল সৌদি কর্তৃপক্ষ। পরে প্রায় আধা ঘণ্টার মধ্যে সতর্কতা প্রত্যাহার করা হয়।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ৩টার কিছু আগে রিয়াদের বাসিন্দাদের মোবাইলে সতর্কবার্তা পাঠানো হয়। এতে তাদের এলাকাকে ‘শত্রুপক্ষের আকাশপথে হামলার হুমকির’ মধ্যে রয়েছে বলে জানানো হয় এবং সবাইকে ঘরের ভেতরে অবস্থানের নির্দেশ দেওয়া হয়।

সতর্কবার্তা জারির কিছুক্ষণ পর এএফপির সাংবাদিকরা রিয়াদে দুটি বিস্ফোরণের শব্দ শোনেন। পরে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিক বিপদ কেটে গেছে এবং সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের সংঘাত সাম্প্রতিক সময়ে তীব্র হয়েছে। জুলাইয়ে ইয়েমেনের সংঘাত নতুন করে বাড়ার পর এই প্রথম রিয়াদে এমন সতর্কতা জারি হলো।

বিজ্ঞাপন

হুতিরা চলতি মাসে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে নতুন করে সামরিক অভিযান জোরদার করেছে। এতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালি নিয়ে উদ্বেগও বেড়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হওয়ায় সৌদি আরব বিকল্প রপ্তানি পথ হিসেবে বাব আল-মান্দাব ব্যবহার করে আসছিল। তবে হুতিরা সৌদি-সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্য করে ওই সমুদ্রপথে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

সমুদ্রপথ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, জুলাইয়ের পর বাব আল-মান্দাব দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি কমেছে। তবে গত এক সপ্তাহে সৌদি তেলবাহী পাঁচটি জাহাজ ওই পথ দিয়ে চলাচল করেছে। হুতিদের দাবি, সৌদি জাহাজ ছাড়া অন্য জাহাজের জন্য প্রণালিটি উন্মুক্ত রয়েছে।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, নতুন করে শুরু হওয়া সংঘাতের কারণে ইয়েমেনে ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পাশাপাশি প্রায় ৩ হাজার মানুষ সমুদ্রপথে পালিয়ে জিবুতিতে আশ্রয় নিয়েছে। এতে দীর্ঘদিন ধরে মানবিক সংকটে থাকা দেশটির সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

তথ্যসূত্র: গালফ নিউজ, এএফপি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD